
তৃণমূল সমর্থককে হাঁসুয়ার কোপ-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 10 May 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: তৃতীয় দফায় বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া গত ৭ মার্চ মুর্শিদাবাদে ভোট মিটেছে মোটের উপর শান্তিপূর্ণভাবেই। কিন্তু নির্বাচন মিটতেই একাধিক জায়গা থেকে হিংসার অভিযোগ সামনে আসছে। রানিনগরের পরে এবার হরিহরপাড়াতেও রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল। এক তৃণমূল সমর্থককে ধারালো হাঁসুয়ার কোপ মারার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
হরিহরপাড়া থানার পাড়াগ্রাম এলাকার বাসিন্দা সুধীন ঘোষ। তিনি তৃণমূল সমর্থক। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার জমি দেখতে যাওয়ার সময় সুধীনবাবুর পথ আটকায় কয়েকজন। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায় ওই দুষ্কৃতীরা। একাধিকবার তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চেষ্টা করে। কোনওক্রমে দুষ্কৃতীদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যান তিনি। তাঁকে রক্তাক্ত অবস্থায় ছুটতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। অভিযোগ পেয়ে পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
সুধীনবাবুর কথায়, "তৃণমূলে ভোট দিয়েছিলাম। এটাই এলাকার বিজেপির কাছে আমার অপরাধ। তাই আমার উপর হামলা চালিয়েছে তাঁরা।" যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ব্লক বিজেপি নেতা তন্ময় বিশ্বাস। তিনি বলেন, "এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে ও সাজানো।"