বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! ফিরে এসেই আত্মঘাতী কিশোরী
শনিবার সকাল সাতটা নাগাদ নাবালিকার চিৎকার শুনে তার বাড়ির লোকজন ছুটে যায়। দেখা যায়, গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে সে।
শেষ আপডেট: 25 November 2023 20:48
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে তুলে এনে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সারারাত অমানুষিক নির্যাতনের পর যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়, তখন নিজের বাড়ি ফিরে এসেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হল নাবালিকা।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরী এলাকায়। জানা গেছে ওই নাবালিকার সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল জুয়েল শেখ নামে খড়গ্রাম থানার অন্তর্গত চন্দ্রসিংহবাটি গ্রামের বাসিন্দা এক যুবকের। অভিযোগ, শুক্রবার রাতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জুয়েল জোর করে নাবালিকাকে নিজের বাড়ি থেকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত যুবক সারারাত নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। এমনকী, পরের দিন সকাল হতেই নিগৃহীতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে জুয়েলের বিরুদ্ধে। তারপরেই বাড়ি ফিরে অপমানে নাবালিকা আত্মঘাতী হয় বলে জানা গেছে।
জানা গেছে শনিবার সকাল সাতটা নাগাদ নাবালিকার চিৎকার শুনে তার বাড়ির লোকজন ছুটে যায়। দেখা যায়, গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে সে। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। কিন্তু তাকে বাঁচানো যায়নি, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন নাবালিকাকে।
কান্দি থানার পুলিশ ইতিমধ্যেই দেহটি কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় নাবালিকার পরিবারের তরফ থেকে জুয়েল শেখ সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।