
ডেবরায় খুন।
শেষ আপডেট: 14 July 2024 09:12
দ্য ওয়াল ব্যুরো: টাকা-পয়সা, সম্পত্তির ভাগ-- এসব নিয়ে বরাবরই ঝামেলা ছিল মামা-ভাগ্নের। অশান্তি লেগেই থাকত প্রায়। অভিযোগ, মদ খেয়ে এসে মামার সঙ্গে প্রায়ই ঝামেলা করত ভাগ্নে। এর জেরে মামাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল সে! পুলিশ জানিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চকবাজিত এলাকার এই ঘটনায় ভাগ্নেকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মৃত মামার নাম ক্ষুদিরাম মুখি, তাঁর বয়স হয়েছিস ৪৭ বছর। তাঁর সঙ্গে অভিযুক্ত ভাগ্নের বিবাদ চলছিল বছর খানেক ধরে। অনেকবার মধ্যস্থতা করে ঝামেলা মেটানোর চেষ্টা করা হলেও, মামা-ভাগ্নের সম্পর্ক ঠিক হয়নি, উল্টে তিক্ততা আরও বেড়েছে। তবে তার জন্য যে খুনোখুনি হয়ে যাবে, তা কেউ ভাবেননি।
এলাকাবাসীর অভিযোগ, শনিবার আকণ্ঠ মদ খেয়ে এসে মামার কাছে টাকা চায় ভাগ্নে। মামা টাকা না দিতে পারায় মামাকে কুড়ুল দিয়ে কোপ মারে সে! মামার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মারা গেছেন বলে জানান চিকিৎসকরা।
অন্যদিকে, অভিযুক্ত ভাগ্নেকে ধরে ফেলে স্থানীয়রা, কাছেই একটি বাঁশগাছে বেঁধে রাখা হয় তাকে। ডেবরা থানা থেকে পুলিশ এসে গ্রেফতার করে। ভাগ্নের শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন এলাকাবাসী। পাশাপাশি তাঁদের দাবি, মদের ঠেকগুলো বন্ধ করা হোক।