
শেষ আপডেট: 22 August 2022 06:36
দ্য ওয়াল ব্যুরো: জেলখাটা আসামি, রীতিমতো খুনি (Murder Accused) সে! অভিযোগ অন্তত তেমনটাই। কিন্তু তাই বলে কি জন্মদিন পালন (Birthday Celebrate) করা হবে না? তাই প্রিজন ভ্যানের (Prison Van) জানলা দিয়ে হাত বাড়িয়ে বন্ধুদের আনা কেক কাটল (Cuts Cake) খুনের দায়ে অভিযুক্ত ২৮ বছরের যুবক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের রোষের মুখে পড়েছে জেল কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে শনিবার মহারাষ্ট্রের কল্যাণে। অভিযুক্ত যুবকের নাম রোশন ঝা। ৪ বছর আগে একটি খুনের ঘটনায় তাকে গ্রেফতার করেছিল উল্লাসনগর থানা পুলিশ। এই খুনটি ছাড়াও তার বিরুদ্ধে একাধিক খুনের চেষ্টা এবং হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে একজন পুলিশ কনস্টেবলকেও আক্রমণ করেছিল বলে সূত্রের খবর। বর্তমানে সে অধরওয়াদি জেলে রয়েছে। শনিবার ২০১৭ সালের ওই খুনের মামলার শুনানি ছিল। সেজন্যই প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।
তার কিছু পরিচিত এবং বন্ধুবান্ধব তার শুনানি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল। তারপরেই রোশনের জন্মদিন উদযাপন করতে কেক নিয়ে আসে তারা। প্রিজন ভ্যানের বাইরে থেকে জানলা দিয়ে রোশনের কাছে কেকটি গলিয়ে দেয় তারা। গাড়ির ভিতর থেকেই সেই কেক কাটে রোশন। পুরো ঘটনার ছবি এবং ভিডিও তুলে নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করে রোশনের বন্ধুরা। তারপরেই ভাইরাল হয়ে যায় সেগুলি। তারপরেই আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
কল্যাণ অধরওয়াদি জেলের সুপার এ সদাফুলের দাবি, আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা নেই। অভিযুক্ত সমস্ত কার্যকলাপের উপরেই নজর রেখেছিল পুলিশের একটি দল। এই ধরনের ঘটনা আসলে পুলিশ আধিকারিকদের বদনাম করার জন্য রটানো হচ্ছে বলে দাবি তাঁর।
ঠানের গ্রামীণ পুলিশ সুপার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এদিন রোশনকে জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার দায়িত্বে যে সব নিরাপত্তারক্ষীরা ছিলেন, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।