রেলপথে ফের ভোগান্তি! হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল হচ্ছে একাধিক ট্রেন। নভেম্বরের বিভিন্ন দিনে পাওয়ার ব্লকের কারণে বিপাকে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 November 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: ফের চিন্তা বাড়ছে নিত্যযাত্রীদের। যাঁরা রোজ হাওড়া হয়ে ট্রেনে ওঠেন-নামেন, তাঁদের এবার পড়তে হবে সমস্যায়। কারণ আগামী সপ্তাহের শুরুতেই ফের বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। হাওড়া ডিভিশনের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণে মাঝেমধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নিতে হবে রেলকে। জানা গিয়েছে, ৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সাত দিনের জন্য এই পাওয়ার ব্লক নেওয়া হবে।
কোন কোন দিন প্রভাব পড়বে? রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫ নভেম্বর ব্যান্ডেল থেকে ৩৭৭৪১ এবং কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বর ট্রেন বাতিল থাকবে। এছাড়াও ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, যা সাধারণত বিকেল ৪টে ৩০ মিনিটে ছাড়ে, সেই ট্রেন ওই দিনগুলিতে ৫টে ২০ মিনিটে ছাড়বে।
রেল সূত্রে আরও খবর, ব্লক চলাকালীন বেশ কিছু স্পেশাল ট্রেন ও দেরিতে চলা ট্রেনের রুট পরিবর্তন করা হবে। ফলে যাত্রীদের আগেই সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।
প্রসঙ্গত, এই রক্ষণাবেক্ষণের কাজ মূলত হওয়ার কথা ছিল ১৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। কিন্তু রাস পূর্ণিমার কারণে সেই পরিকল্পনা স্থগিত করে রেল কর্তৃপক্ষ। ওই সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে সপ্তাহের শুরুতেই পাওয়ার ব্লক লাগু হওয়ায় ফের ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, একের পর এক ব্লক ও ট্রেন বাতিলের ফলে অফিসযাত্রীদের বড়সড় সমস্যায় পড়তে হচ্ছে। নভেম্বর মাসে একাধিক ট্রেনের ক্ষেত্রেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।