
শেষ আপডেট: 4 April 2023 13:03
দ্য ওয়াল ব্যুরো: বিরোধীরা বলে, মোদী জমানায় দেশের উন্নয়ন বা গঠনমূলক কোনও কিছুই হচ্ছে না শুধু নাম বদলের পাশাপাশি শুধু ইতিহাসের ভোল বদল ঘটছে মোদীর রাজত্বে। রেলস্টেশন, সড়কের মুঘল ঘেঁষা নাম বদল হয়েছে। এবার কেন্দ্রীয় স্কুলের সিলেবাস থেকে বাদ পড়ল মুঘল যুগের ইতিহাস (Mughal history)। অর্থাৎ লালকেল্লার ইতিহাস, শাহজাহান, কিংবা দীন ই ইলাহীর ইতিহাস আর পড়বে না পড়ুয়ারা।
মোদী সরকারের বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলার অভিযোগ নতুন নয়। তবে এবার ইতিহাস বইয়ের পাতা থেকে মুঘলপর্ব বাদ দেওয়ার ঘটনায় সরব গোটা দেশ। বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের এই সিদ্ধান্তকে 'ভয়ঙ্কর সিদ্ধান্ত' বলে চিহ্নিত করেছেন।
সূত্রের খবর, সিবিএসই অনুমোদিত স্কুলগুলির দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আর মুঘলযুগের অধ্যায় থাকবে না। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) এই চ্যাপ্টারকে বই থেকে পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে এই নয়া সিলেবাস (syllabus)। উত্তরপ্রদেশ বোর্ডেও কার্যকর হবে এই সিদ্ধান্ত।
শুধু দ্বাদশ শ্রেণি নয়, একাদশ শ্রেণির সিলেবাস থেকেও ‘সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস’ অথবা ‘শিল্পবিপ্লব’ সংক্রান্ত অধ্যায় আর রাখা হবে না বলে স্থির হয়েছে।
মূল কথা, গেরুয়া মতার্দশে আঘাত হানে এমন কিছুই আর বইয়ের পাতায় রাখতে দিচ্ছে না কেন্দ্র সরকার। শুধু ইতিহাস নয়, সমাজবিজ্ঞান এবং হিন্দি সাহিত্যের বই থেকে পর্যন্ত বাদ পড়তে চলেছে বেশ কিছু অধ্যায়। বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব সংক্রান্ত অধ্যায় বাদ যাচ্ছে পলিটিক্যাল সায়েন্সের পাঠ্যক্রম থেকে। পাশাপাশি ঐতিহাসিক ঠান্ডা যুদ্ধের বিবরণও বাদ যাচ্ছে সিলেবাস থেকে।
এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শিক্ষাবিদদের একাংশ। সত্যিই কী মুঘল ইতিহাস বাদ দিয়ে ভারতের ইতিহাস হতে পারে! উঠছে প্রশ্ন। এইভাবে নির্বাচিত ইতিহাস পড়লে পড়ুয়ারা পরবর্তী সময়ে প্রভূত সমস্যায় পড়বে বলেই মনে করছেন তাঁরা।
ঢাকা-কলকাতা যাতায়াত আরও সহজ, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হল