
শেষ আপডেট: 3 May 2023 13:18
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনির (MS Dhoni) অবসর কি পিছিয়ে গেল? তিনি কি আবারও সামনের আইপিএল (IPL) খেলবেন? ৪২-এর ধোনি অবসর নিয়ে সেই রহস্যই রেখে দিলেন এদিন ম্যাচের আগে ধারাভাষ্যকারের প্রশ্নে।
নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ড্যানি মরিসন এদিন খেলা শুরুর সময় ধোনি বলেন, তোমার তো এটা শেষ আইপিএল! কী বলবে?
ধোনি হেসে তাঁকে জানান, তুমিই ঠিক করে দিলে আমার অবসর? সঙ্গে সঙ্গে মরিসন লখনউয়ের মাঠের দর্শকদের উদ্দেশে বলতে থাকেন, শুনে রাখুন ভাই-বোনেরা, ধোনি আবারও খেলবেন সামনের আইপিএলে। মাহিকে দেখা যায় মুচকি হাসছেন, আর তাকিয়ে রয়েছেন মরিসনের দিকে।
গতবার আইপিএলের শেষ ম্যাচেও ধোনির ‘ডেফিনেটলি নট’ এই বলা দুটি শব্দ তাঁর সমর্থকদের নিশ্চিন্ত করেছিল। এবারও কি তাই হতে চলেছে?
সবাই প্রায় ধরে নিয়েছেন ধোনির এটা শেষ আইপিএল। তাই প্রতিটি চেন্নাই ম্যাচে মাঠ উপচে পড়ছে। ক্রিকেটার ও অধিনায়ক ধোনিকে শেষবারের মতো দেখার জন্য দেশের বিভিন্ন স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা।
ইডেনেও হলুদ ঝড় দেখা গিয়েছিল। ধোনি লেখা জার্সি পরে মাঠে এসেছিলেন সমর্থকরা। লখনউ ম্যাচেও তাই ঘটনা। সারা মাঠে ধোনির সমর্থনে সবাই এসেছেন।
যা দেখে সঞ্চালক ড্যানি মরিসন মাহিকে প্রশ্ন করে বসেন, ‘তোমার শেষ অনবদ্য সফর কীভাবে উপভোগ করছ?’ জবাবে ধোনি বলে দেন, তুমিই দেখছি ঠিক করে দিলে আমার অবসর? বলেই হাসতে থাকেন চেন্নাইয়ের থালা।