দ্য ওয়াল ব্যুরো : গরু চুরির দায়ে গত বুধবার ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় দুই মুসলমান ধর্মাবলম্বী ব্যক্তিকে পিটিয়ে মেরেছিল একদল লোক। সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, আদালতে ধৃতদের যা খরচ হবে সব দেবেন তিনি। কারণ তাঁর ধারণা, পুরো গ্রামের লোকই গণপিটুনিতে জড়িত ছিল। কিন্তু পুলিশ বেছে বেছে ওই চারজনকে ধরেছে।
পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত দুল্লু গ্রামের বাসিন্দা মুন্সি মুর্মুর বাড়ি থেকে গরু চুরি হয় মঙ্গলবার রাতে। বুধবার ভোরে গরুচুরির কথা জানতে পেরে মুন্সি মুর্মু ও আরও কয়েকজন গ্রামবাসী চোরেদের সন্ধানে বেরোয়। পাশে বানকাটি নামে এক গ্রামে তারা পাঁচজনকে চুরি যাওয়া গরু সমেত দেখতে পায়। তাদের দুজনকে মুন্সি মুর্মুরা ধরে ফেলে। তারা হল সিরাবুদ্দিন আনসারি ও মুর্তজা আনসারি। দু'জনেই গণপিটুনিতে মারা পড়ে।