
শেষ আপডেট: 5 September 2022 04:24
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় লীলা বনশালীর 'পদ্মাবত' সিনেমার মুক্তি নিয়ে আপত্তি তুলে রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছিল দক্ষিণপন্থী সংগঠন (Right wing organisation) 'করণী সেনা (Karnni Sena)।' মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সেই করণী সেনারই এক তরুণ নেতাকে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করল (stabbed to death) দুষ্কৃতীরা। আর তারপরেই বুলডোজার দিয়ে এক অভিযুক্তের বাড়ি (house) ভেঙে দিল (demolished) মধ্যপ্রদেশ সরকার।
জানা গেছে, মৃতের নাম রোহিত সিং রাজপুত(২৮)। তিনি করণী সেনার টাউন সেক্রেটারি ছিলেন বলে জানা গেছে। শুক্রবার রাতে রোহিত এবং তাঁর বন্ধু শচীন প্যাটেল এলাকার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় বাইকে চেপে আসে তিন যুবক। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা কাটাকাটি হয় রোহিত এবং শচীনের। তারপরেই আচমকা ছুরি বের করে রোহিতের বুকে বসিয়ে দেয় এক অভিযুক্ত। পুরসভা অফিসের সামনে এলোপাথাড়ি কোপাতে থাকে সে রোহিতকে। তাঁকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে আহত হন বন্ধু শচীন। তাঁদের দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রোহিতকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে সেখানে ভর্তি রয়েছেন শচীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরেরদিনই রাহুল রাজপুত, ইশু মালব্য এবং অঙ্কিত ভাট নামে খুনে অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, রোহিতের সঙ্গে পুরনো শত্রুতা ছিল রাহুলের(২৭)। তার জেরেই এই খুন। ধৃতদের ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে।
তারমধ্যেই এক অভিযুক্ত অঙ্কিতের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বাকি দুই অভিযুক্তের ক্ষেত্রেও একই জিনিস করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, এমনটাই সূত্রের খবর। জানা গেছে, অঙ্কিতের বাড়ি ভাঙার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা শাসক মদন রঘুবংশী এবং জেলার পুলিশ মহেন্দ্র চৌহান। যদিও কী অভিযোগে বাড়ি ভাঙা হল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে।
ছুরি হাতে দুই দুষ্কৃতীর অতর্কিত হামলায় কানাডায় মৃত্যু ১০ জনের, আহত বহু!