
শেষ আপডেট: 22 January 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তারকেশ্বরের চাঁপাডাঙায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যুতে শোরগোল পড়ল। পুলিশের অনুমান, মা ও দিদিকে আগুনে পুড়িয়ে মেরে আত্মঘাতী হয়েছে ছেলে।
তারকেশ্বরের চাঁপাডাঙা পঞ্চায়েতের বিশ্বাস পাড়ার ওই বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতদের নাম বিজলি মাইতি (৫৪) সুজাতা মাইতি(৩১) শুভম মাইতি (২৭)। পুলিশের প্রাথমিক অনুমান মা ও দিদিকে প্রথমে আগুনে পুড়িয়ে মেরে তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ছেলে শুভম। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা, তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটা বেজে গেলেও বাড়ি থেকে কারও সাড়াশব্দ মিলছিল না। বরং বাড়ি থেকে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। এরপরেই দরজা ভেঙে ঘরে ঢুকে বাসিন্দারা দেখেন মেঝেতে পড়ে রয়েছে মা ও মেয়ের অগ্নিদগ্ধ দেহ। সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে ছেলে।
খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে কোনও আলোকপাত করতে পারেননি। ঠিক কী কারণে একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যু হল, তার কারণ খুঁজছেন তাঁরা।