
শেষ আপডেট: 27 November 2023 22:07
দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙার এক বাড়িতে উদ্ধার হল মা ও ছেলের ঝুলন্ত দেহ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। একই বাড়ি থেকে উদ্ধার হওয়া দু'টি দেহ ঘিরে বাড়ছে রহস্য!
ঘটনাটি ঘটেছে, উল্টোডাঙায় এপিসি রোডে। পুলিশ সূত্রে খবর, এই এলাকার একটি তিনতলা বাড়ির দোতলাতে থাকতেন মহুয়া মাল ও তাঁর ছেলে সোমনাথ। সোমবার স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ওই ঘর থেকে উদ্ধার করা হয় দু'জনের দেহ। মহুয়া ও সনাতন দু'জনের দেহই আলাদা আলাদা ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছিল। তদন্তে নেমে পুলিশ দোতলার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, ওই চিরকুটে মৃত্যুর সময় লেখা আছে। তবে ওই চিরকুট কে লিখেছেন, তা এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, মা ও ছেলে দু'জনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এই ঘটনার পিছনে অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, স্বামী নেপালচন্দ্র মালের মৃত্যুর পর ছেলেকে নিয়ে উল্টোডাঙার ওই বাড়িতে থাকতেন মহুয়া। মাস কয়েক ধরেই ব্যবসায়িক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন মা ও ছেলে দু'জনেই। বাবার লেদ কারখানা চালাতেন সোমনাথ। ব্যবসার কারণে ঋণও নিতে হয়। যদিও সেই ঋণ এখনও শোধ করে উঠতে পারেননি সোমনাথ। যদি তাঁরা আত্মহত্যা করে থাকেন তবে তার নেপথ্যে এটাও একটা কারণ বলে অনুমান পুলিশের। দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মত তদন্তকারী অফিসারদের।