
শেষ আপডেট: 1 June 2023 11:39
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল মানেই ছক্কার ধামাকা (Most Sixes)। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগের মূল টিআরপিই হল দুমদড়াক্কা ছয় মেরে ম্যাচ বের করে আনা। এই শিল্পে মোটামুটি ভ্যান গঘ হিসেবে নিজেকে পাকা জায়গায় দাঁড় করিয়েছেন কলকাতার রিঙ্কু সিংহ, গুজরাতের শুভমান গিল, রাজস্থানের যশস্বী জয়সোয়াল। একনজরে এবারের আইপিএলে তাহলে কে সবচেয়ে বেশি ছক্কা মারলেন (IPL)? দেখে নেওয়া যাক এক নজরে।
১. ফাফ দুপ্লেসি (৩৬)
তাঁর দল প্রতিবার তুখোড় তারকাদের ছেঁকে নেয় দলে। কোটি কোটি টাকা খরচ করে। রয়েছে অন্যতম সেরা ফ্যানবেস। তবু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে ট্রফি জিতবে নাকি বাংলায় অষ্টম বামফ্রন্ট সরকার আগে ফিরবে-- বঙ্গ নেটদুনিয়ায় প্রায়ই রসিকজনেরা জল্পনা তৈরি করেন। এবারে ছক্কার হিসেবেও সবার ওপরে আরসিবির তারকা ফাফ দুপ্লেসি। ৩৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার ৩৬ টি ছয় মেরে এবারে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তৈরি করেছেন।
২. শিবম দুবে (৩৫)
চেন্নাই সুপার কিংসের অদ্বিতীয় অলরাউন্ডার। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছেন, আবার সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন। ফাইনালেও গুজরাতের বিরুদ্ধে প্রায় রুখে দাঁড়িয়েছিলেন দীর্ঘদেহী সিএসকে তারকা শিবম দুবে। ছয়ের তালিকাতে ফাফের পরে রয়েছেন তিনিই, মেরেছেন ৩৫ টা ছক্কা। স্ট্রাইক রেট ১৫৮-র বেশি।
৩. শুভমান গিল (৩৩)
ভারতীয় ক্রিকেটের আগামী মহাতারকা। অনেকেই বলছেন, বিরাট কোহলির উত্তরসূরি। বিরাটের মতই অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ জিতে ফিরেছেন। এই মুহূর্তে টেকনিক্যালি অত্যন্ত দক্ষ ও পরিণত ব্যাটার। আইপিএলে গুজরাত টাইটানসের হয়ে প্রায় ঝড় তুলে দিয়েছেন। করেছেন সর্বোচ্চ রান, সবচেয়ে অল্পবয়সী ক্রিকেটার হিসেবে পেয়েছেন অরেঞ্জ ক্যাপ। মেরেছেন ৩৩ টি ছয়।
৪. গ্লেন ম্যাক্সওয়েল (৩১)
ছয়ের তালিকা হবে, কিন্তু 'ম্যাক্সি' তাতে থাকবেন না, তা কী করে হয়? ফলে এরপরেই রাখতেই হবে আরসিবির আরেক 'বিগ হিটার' গ্লেন ম্যাক্সওয়েলকে। এমনিতেই গ্লেন নামা মানে বাউন্ডারির কাছাকাছি বসা দর্শকরা একটু দুরু দুরু থাকেন। কখন সপাটে এসে পড়ে বল! ১৪ টি ম্যাচ খেলে মেরেছেন ৩১ টি ছক্কা, স্ট্রাইক রেট ১৮৩! সম্প্রতি তাঁর দীর্ঘদিনের বান্ধবী, ভারতীয় বংশোদ্ভূত বিনি রমণকে বিয়ে করেছেন ম্যাক্সি। প্রজাপতির আশীর্বাদে ব্যাট আরও মজবুত হল কিনা, সেইটাই প্রশ্ন এখন!
৫. ঋতুরাজ গায়কোয়াড় (৩০)
এবারের সিএসকে দলের অন্যতম তরুণ স্তম্ভ ঋতুরাজ গায়কোয়াড়! আইপিএল শেষ হতেই গুঞ্জন, এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ঋতুরাজ। ডেভন কনওয়ে আর ঋতুরাজের ঝোড়ো ওপেনিং ব্যাটেই ঠিক হয়ে যেত বিপক্ষের ভাগ্য। ৩০ টি ছয় মেরে এবার তালিকায় পঞ্চম স্থানে আছেন তিনি।