
শেষ আপডেট: 9 September 2023 03:47
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্প মরোক্কোয় (Morocco earthquake)। শুক্রবার ভোররাতে আচমকাই কেঁপে উঠেছিল মধ্য মরক্কোর বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ৬.৮ মাত্রার সেই ভূমিকম্পে এখনও পর্যন্ত ২৯৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভয়াবহ এই দুর্ঘটনা যেন উস্কে দিল তুরস্কের ভূমিকম্পের কথা।
সূত্রের খবর, স্থানীয় সময় রাত ১১.০৫ নাগাদ মারাকেশ এবং ওকাইমেডেনে ভূমিকম্প আঘাত হানে। শহরের বাড়িঘর তাসের ঘরের মতো কাঁপতে ইবন ধসে পড়তে শুরু করে। আতঙ্কিত বাসিন্দারা ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন। ইউএসজিএস সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ওকাইমেডেনের ৫৬ কিলোমিটার পশ্চিমে, মাটি থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে (earthquake)।
সূত্রের খবর, একটি মসজিদ এবং বেশ কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ অজস্র বাড়িঘর ভেঙে পড়েছে ভূমিকম্পে। ঘুমিয়ে থাকার কারণে অনেকেই ভূমিকম্পের কথা বুঝতে পারেননি। ফলে বাড়িঘর ধসে পড়ায় চাপা পড়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মারাকেশের হাসপাতালগুলির জরুরি বিভাগ ইতিমধ্যেই আহতেদের ভিড়ে উপচে পড়ছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা।
জি২0 শীর্ষ সম্মেলন নিয়ে ব্যস্ত থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ভারতের তরফে আফ্রিকার এই দেশটিকে যথাসম্ভব সহায়তা করা হবে বলে এক্স হ্যান্ডেলে আশ্বাস দিয়েছেন তিনি।
এই ভূমিকম্পকে মরক্কোয় গত দুই দশকের ভয়াবহ তম ভূমিকম্প বলে দাবি করছেন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়ে গেছে পুরোদমে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ১৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধার করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং পার্শ্ববর্তী দেশ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। একবার নয়, কয়েকদিনের ব্যবধানে একাধিকবার কেঁপে উঠেছিল দুই দেশের মাটি। ভয়ঙ্করতম সেই ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ভেঙে পড়েছিল সাড়ে ৩ লক্ষ বাড়িঘর। শুক্রবার মরক্কোর ভূমিকম্প যেন সেই দুর্ঘটনার স্মৃতি উস্কে দিল ফের।
গ্রেফতার চন্দ্রবাবু নাইডু! কাকভোরে তুমুল নাটক, হাতে হাতকড়া অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর