থামছে না বরফ, সরছে না ধস! হিমাচলে আটকে বহু পর্যটক, নেই পানীয় জল
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন ধরেই ভারী তুষারপাতে ঢেকেছে হিমাচল প্রদেশ ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল।জায়গায় জায়গায় নেমেছে তুষার ধস। সূত্রের খবর, এই ধসের কারণে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার পথের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন ৭০ জন পর্যটক৷ এঁদের মধ্যে তিন জন
শেষ আপডেট: 24 February 2019 21:50
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন ধরেই ভারী তুষারপাতে ঢেকেছে হিমাচল প্রদেশ ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল।জায়গায় জায়গায় নেমেছে তুষার ধস। সূত্রের খবর, এই ধসের কারণে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার পথের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন ৭০ জন পর্যটক৷ এঁদের মধ্যে তিন জন বিদেশিও রয়েছেন৷
স্থানীয় সূত্রের খবর, তুষার ধসে বরফের চাঁই নেমে আটকে দিয়েছে বহু রাস্তা৷ ফলে সার সার গাড়ি দাঁড়িয়ে রয়েছে হিমাচল প্রদেশের কাজাতে৷ স্পিতি উপত্যকা থেকে সিমলা ফেরার পথে পাঁচ নম্বর জাতীয় সড়কের ওপর এই ধস নামে৷ ফলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে৷ বেশির ভাগ জায়গায় কাজ করছে না কোনও যোগাযোগ ব্যবস্থাও।
কাজার এসডিএম জীবন সিং নেগি জানিয়েছেন, শেগো এলাকায় ১৬ জন আটকে রয়েছেন৷ কাজাতে রয়েছেন ৩১ জন। প্রায় ৩০ জন আটকে রয়েছেন কিব্বের এলাকায়৷ শেগোতে যে ১৬ জন আটকে রয়েছেন, তাঁদের কাছে খাবার বা পানীয় জলের জোগান নেই বলে খবর মিলেছে৷

এসডিএম জানান, শেগোতে পানীয় জল পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে৷ এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহায়তা করা হচ্ছে পর্যটকদের৷ ইতিমধ্যেই পূর্ত দফতর ও বিআরও টিম বরফ পরিস্কার করার কাজ শুরু করেছে৷ কাজা থেকে শেগো পর্যন্ত বরফ সরানোর কাজ চলছে৷
ইতিমধ্যেই হিমাচল প্রদেশের কিন্নর জেলায় নামগিয়া-ডোগরি এলাকায় টহল দিতে বেরিয়ে তুষার ধসে নিখোঁজ হয়েছে আইটিবিপি ও সেনাদের একটি দল। দলটিতে ৪ জন আইটিবিপি ও ৬ জন সেনা জওয়ান ছিলেন। উদ্ধারকাজ চলছে এখনও। তার মধ্যেই নতুন করে বরফ পড়ছে, ধস নামছে রোজ।
এই প্রতিকূল অবস্থায় জোরকদমে উদ্ধারকাজ চালানোও মুশকিল হচ্ছে উদ্ধারকারীদের পক্ষে। আবহাওয়া দফতরের খবর, চলে যাওয়ার মুখে নতুন করে কামড় বসিয়েছে শীত। তারই ফলে এই তুষারপাত আর তুষার ধসে জর্জরিত হিমাচল প্রদেশ। কয়েক দিনের আগে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই।