
ফাইল ছবি
শেষ আপডেট: 12 February 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: গত বাজেটে গঙ্গাসাগর সেতু নির্মাণের ঘোষণা করেছিল রাজ্য সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের ডিটেল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) সম্পূর্ণ এবং টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বাজেটে এই সেতু নিয়ে বড় ঘোষণা করল সরকার। অতিরিক্ত ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
গঙ্গাসাগর যাওয়ার জন্য এই সেতুর কাজ শেষ করতে চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে ১ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুর কাজ হয়ে গেলে তীর্থযাত্রী থেকে শুরু করে স্থানীয়দের সারা বছর সুবিধা হবে। এই সেতু ৫ কিমি লম্বা এবং চার লেনের। এই সেতুর নাম হবে গঙ্গাসাগর সেতু বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সেতু নির্মাণেই বরাদ্দ বাড়ানো হল।
ফি-বারই গঙ্গাসাগর মেলায় যাতায়াতের জন্য জলপথের উপরেই নির্ভর করতে হয় পুণ্যার্থীদের। গঙ্গার জোয়ার ভাটার জেরে অনেকসময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাও করতে হয়। তাই মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেনেই মুড়িগঙ্গা নদীর উপর 'গঙ্গাসাগর সেতু' তৈরি করতে চলেছে রাজ্য, এমন ঘোষণা হয়েছিল গত বছরের বাজেটে। এবার আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তে সেতু নির্মাণের কাজে যে গতি বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়।
এই সেতু নির্মাণে রাজ্যকে প্রায় ১২.৯৭ একর জমি কিনতে হয়েছে। কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর জমি এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি ক্রয় করতে হয়েছে রাজ্য সরকারকে। প্রসঙ্গত এই সেতু প্রথমে তৈরির কথা ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, শেষপর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ কেন্দ্র করেনি। তাই রাজ্য সরকারই এই সেতু বানানোর উদ্যোগ নেয়।