দ্য ওয়াল ব্যুরো : গত এক মাস ধরেই পর্যবেক্ষকরা জানিয়েছেন, করোনা অতিমহামারীর ফলে বিশ্ব জুড়ে মন্দার কবলে পড়বে অর্থনীতি। এর মধ্যে ভারতকে নিয়ে রীতিমতো আশঙ্কার কথা শোনাল আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ। শুক্রবার তারা জানায়, এই মহামারীর ফলে হয়তো ২০২০-২১ সালে আদৌ বিকশিত হবে না ভারতের অর্থনীতি। তবে একইসঙ্গে আশার কথাও শুনিয়েছে ওই সংস্থা। তাদের বক্তব্য, আগামী আর্থিক বছরে ফের ছন্দে ফিরবে ভারতের অর্থনীতি। ২০২১-২২ সালে বিকাশ হবে সম্ভবত ৬.৬ শতাংশ হারে।
চলতি আর্থিক বছরের বাজেটে আশা করা হয়েছিল, রাজকোষ ঘাটতিকে ৩.৫ শতাংশে বেঁধে রাখা যাবে। মুডিজের বক্তব্য, তা সম্ভব হবে না। বরং বাজেট ঘাটতি পৌঁছবে ৫.৫ শতাংশে।
গত নভেম্বরেই মুডিজ ভারতের আর্থিক বিকাশ নিয়ে সংশয় প্রকাশ করেছিল। সেইসঙ্গে বলেছিল, এদেশের ক্রমবর্ধমান ঋণের ওপরে তারা নজর রাখবে। শুক্রবার বলা হয়েছে, “গ্রামাঞ্চলের বহু পরিবার দীর্ঘদিন আর্থিক সংকটে রয়েছে। চাকরির সুযোগও সৃষ্টি হচ্ছে কম। সম্প্রতি ব্যাঙ্ক বাদে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ঋণ নেওয়া বন্ধ করেছে।” এরপরে বলা হয়েছে, “আগামী দিনে যদি জিডিপির বিকাশ সন্তোষজনক হারে না হয়, তাহলে সরকারের পক্ষে বাজেট ঘাটতি কমানো মুশকিল হবে। তার ফলে ঋণ বাড়বে।” অতিমহামারীর হাত থেকে গরিব মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে ভারত। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য আরও একটি প্যাকেজ ঘোষণা করা হবে শীঘ্র।
করোনা সংক্রমণ ঠেকাতে গত আট সপ্তাহ ধরে ভারতে চলছে লকডাউন। বৃহস্পতিবার পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৪২ জন। মারা গিয়েছেন ১৮৮৬ জন। বিশ্ব জুড়ে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ লক্ষ ৬০ হাজার মানুষ।