দ্য ওয়াল ব্যুরো : তাকে ধরার জন্য আট বছর ধরে চেষ্টা করছেন শিকারিরা। অবশেষে ধরা পড়ল সেই কুমির।
যে সে কুমির নয়, রাক্ষুসে কুমির।
ওজন ৬০০ কেজি। লম্বায় সাড়ে ১৫ ফুট। বয়স হয়েছে ৬০ বছরের বেশি। অস্ট্রেলিয়ার ক্যাথরাইন নদীতে সে বাস করত।
ওয়াইল্ড লাইফ অফিসার জন বার্ক বলেছেন, এতবড় প্রাণিটিকে ধরা সহজ হয়নি। তার দৈর্ঘ্য ও ওজন বেশ সম্ভ্রম জাগানোর মতো। তাকে পাঠানো হয়েছে ক্রোকোডাইল ফার্মে।
সেই সাতের দশক থেকে অস্ট্রেলিয়ায় কুমির শিকার নিষিদ্ধ। তার ফলে বিভিন্ন নদীতে কুমিরের সংখ্যা বেড়েছে ভালো পরিমাণে। গতবছর এক বৃদ্ধা কুমিরের কবলে পড়ে মারা যাওয়ার পরে অনেকে দাবি করেছেন, কুমিরের সংখ্যা কমানোর ব্যবস্থা করা হোক।