দ্য ওয়াল ব্যুরো : আশঙ্কার কথা শোনালেন আবহবিদরা। বর্ষা আসতে দেরি হতে পারে কয়েকদিন। সাধারণত প্রতি বছর কেরলে বর্ষা ঢোকে ১ জুন। এবার সেখানে বর্ষা আসতে পারে দিন পাঁচেক পরে। সেক্ষেত্রে ৬ জুন কেরলে বর্ষা ঢুকবে।
ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের কর্তারা শনিবার জানিয়েছেন, এখন বর্ষা অবস্থান করছে আরব সাগরের একেবারে দক্ষিণে ও মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব অংশ জুড়ে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও পৌঁছে গিয়েছে বর্ষা। আগামী দু'-তিন দিনের মধ্যে আরব সাগরের বেশিরভাগ অংশ বর্ষায় ছেয়ে যাবে।
শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছিল, এবছর স্বাভাবিক বর্ষা হওয়ার সম্ভাবনা আছে। দেশে সারা বছরে যত বৃষ্টিপাত হয়, তার ৭০ শতাংশ হয় বর্ষার চার মাসে। জুন থেকে চার মাস জুড়ে দেশে গড়ে বৃষ্টিপাত হয় ৮৯ সেন্টিমিটার। কোনও বছর তার ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হলেই ধরে নেওয়া হয় বর্ষা স্বাভাবিক হয়েছে।
আইএমডি পূর্বাভাস দিয়েছে, দেশের উত্তরভাগের রাজ্যগুলিতে আগামী তিন-চার দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেশের একেবারে দক্ষিণেও কোনও কোনও অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে দিল্লিতে আপাতত গরমের হাত থেকে রেহাই নেই। তাপমাত্রা পৌঁছতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আশার কথা হল, কিছুদিনের মধ্যেই বর্ষার বৃষ্টি তাপপ্রবাহে দগ্ধ দেশের বিরাট অংশে স্বস্তি আনবে।
রাজধানী দিল্লিতে শুক্রবার দিনটি ছিল উষ্ণতম। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানাও তাপপ্রবাহের কবলে পড়েছে। রাজস্থানের গঙ্গানগরে তাপমাত্রা উঠেছে দেশের মধ্যে সবচেয়ে বেশি, ৪৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশেও তাপপ্রবাহ হয়েছে।