
শেষ আপডেট: 9 November 2023 12:02
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জিটি রোডের উপর একটি মোনোপোল হোর্ডিং গেট লাগানোর সময় দুর্ঘটনা। চলমান গাড়ির উপর ভেঙে পড়ল ওই ঝোলানো হোর্ডিং স্ট্রাকচারটি। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ি চালক ও আরোহী। দিনের ব্যস্ত সময়ে বড় বিপদের আশঙ্কা ছিল। আহত হয়েছেন ঠিকাদার সংস্থার দুই কর্মী।
চুঁচুড়া সুকান্তনগর অনুকুলচন্দ্র স্কুলের সামনে জিটি রোডের উপর সকাল আটটা নাগাদ মোনোপোল হোর্ডিং গেটটি বসানোর কাজ চলছিল। বড় লোহার খাঁচা উপরে তোলা হচ্ছিল হাইড্রা মেশিনের সাহায্যে। হঠাৎ লোহার রোপ ছিঁড়ে পড়ে। তখন জিটি রোডে গাড়ির ভিড়। সামনেই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম ও একটি সরকারি স্কুল। পড়ুয়াদের পুলকার–সহ সেখানে অন্য গাড়ির ভিড়। কোনও নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল বলে অভিযোগ।
এই সময় ব্যান্ডেল থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। সেই গাড়ির উপর ভেঙে পড়ে লোহার খাঁচা। গাড়ি চালক ও আরোহী অল্পের জন্য রক্ষা পান। গাড়ির আরোহী অনুরাগী সিং গহলত বলেন, “গাড়ি চলছিল, হঠাৎ উপর থেকে ভেঙে পড়ল লোহার খাঁচা। কপাল ভালো বেঁচে গেলাম। নিরাপত্তার কোনও ব্যবস্থা না নিয়েই কাজ চলছিল।” সংস্থার দুই কর্মী উপর থেকে নীচে পড়ে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত দুই কর্মীকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। চন্দননগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাস্তায় যান চলাচল শুরু হয়।
শিয়ালদহের একটি ঠিকাদারি সংস্থা এই হোর্ডিং গেটটি বসাচ্ছিল বলে জানা গেছে। পুলিশের দাবি, দিনের ব্যস্ত সময়ে চালু থাকা রাস্তায় কাজ হবে তা ট্রাফিককে জানানো হয়নি। কেন সকালের ব্যস্ত সময়ে কাজ চলছিল, কেন কোনওরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল না, কেনই বা ট্রাফিক পুলিশকে জানানো হয়নি তার তদন্ত শুরু হয়েছে।