প্রাণ ভরে আম খেয়ে গাঁজা ধরিয়ে দিল বাঁদরের পাল
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গল লাগোয়া রাস্তায় দাঁড়িয়ে একটা ট্রাক। ব্রেক ডাউন হয়েছে। তার উপরে লাফালাফি করছে এক পাল বাঁদর। মহা আনন্দ তাদের। কারণ চলছে পাকা আমের মহাভোজ। কে জানত, বাদরের দল আম খেয়ে ধরিয়ে দেবে বেআইনি গাঁজা!
মজার এই ঘটনাটি ঘটেছে সোমবার, ছ
শেষ আপডেট: 11 June 2019 10:42
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গল লাগোয়া রাস্তায় দাঁড়িয়ে একটা ট্রাক। ব্রেক ডাউন হয়েছে। তার উপরে লাফালাফি করছে এক পাল বাঁদর। মহা আনন্দ তাদের। কারণ চলছে পাকা আমের মহাভোজ। কে জানত, বাদরের দল আম খেয়ে ধরিয়ে দেবে বেআইনি গাঁজা!
মজার এই ঘটনাটি ঘটেছে সোমবার, ছত্তিশগড়ের চিরিমিরি এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে গেলাপানি এলাকায় একটা মাল বোঝাই ট্রাক খারাপ হয়ে যাওয়ায় চালক ও খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়। ট্রাকের মধ্যে মাল ভর্তি, আর উপরে থরে থরে সাজানো আম। আম দেখেই ঝাঁপিয়ে পড়ে বাঁদর পরিবার। প্রচন্ড দ্রুত গতিতে আম শেষ করে ফেলার পরে বেরিয়ে পড়ে বস্তা বস্তা গাঁজা। খবর পেয়ে পুলিশ আসে। ওজন করে দেখা যায় প্রায় ৮০০ কেজি। যার দাম প্রায় ৭০ লাখ টাকা। ট্রাকটিতে অন্ধ্র প্রদেশের রেজিস্ট্রেশন প্লেট লাগানো। সেই নম্বর ধরে খোঁজ করার চেষ্টা চলছে মালিকের। এবং গাড়িটি কোন জায়গা থেকে কোথায় যাচ্ছিল।
নিষিদ্ধ জিনিস পাচার করার জন্য শাক দিয়ে মাছ ঢাকার মতো উপরে খাবার দাবারের ঝুড়ি বা বস্তা চাপিয়ে দেওয়া একটা চালু কায়দা। তবে পুলিশ কে অনেক কাঠখড় পুড়িয়ে এ সবের সন্ধান করতে হয়। এ ক্ষেত্রে বাঁদররাই সেই কাজটা করে দিল পুলিশের হয়ে। চিরিমিরির এক পুলিশ অফিসার হেসে জানালেন, "আমরা ওদের ধন্যবাদ জানাচ্ছি"।