
শেষ আপডেট: 11 April 2023 13:03
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে (Mohun Bagan) পয়লা বৈশাখের দিন উৎসব। এমনিতেই সেদিন ময়দানের প্রতিটি ক্লাবে হয় বারপুজো। সবুজ মেরুনে এবার ঘটা করে উৎসব পালন হবে। কেননা এবার মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে দল কেরলে খেলছে হিরো সুপার কাপ।
সেই টুর্নামেন্টেও গত সোমবার গোকুলাম কেরল এফসিকে ৫-১ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে। মোহনবাগানে এখন সোনার সময় চলছে। তার মধ্যেই এদিন বিকেলে ক্লাব সচিব দেবাশিস দত্ত ঘোষণা করেছেন, ১৫ এপ্রিল পয়লা বৈশাখ বাংলা শুভ নববর্ষের দিন ক্লাবে সকালে হাজির থাকবেন কিংবদন্তি সুনীল মনোহর গাভাসকার (Sunil Gavaskar)। তিনি সেদিন চুনী গোস্বামী নামাঙ্কিত গেটের শুভ সূচনা ঘটাবেন সকাল সাড়ে দশটায়।
সানির সঙ্গে সেই অনুষ্ঠানে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়। বাবুল সেদিন মন ভরে সমর্থকদের গান শোনাবেন। বার পুজো হবে সকাল সাড়ে নয়টায়। বারোটার সময় দোহার ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করবেন।

মোহন জনতার এতদিনের ক্ষোভ ছিল মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম তুলতে হবে। সেটি মেনে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি আইএসএল জয়ের পরেই জানিয়ে দিয়েছেন, এটিকে নাম সরে নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। সেই নাম আগামী মরশুম থেকে কার্যকর হবে।
শুভ নববর্ষের দিন আবার মোহনবাগান ক্লাব হাজির করছে প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, সঙ্গে প্রাক্তন ফুটবলার বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, বিক্রমজিৎ দেবনাথ, জেভিয়ার পায়াস, দীপেন্দু বিশ্বাস প্রমুখ।
শিকড় ভোলেননি রিঙ্কু, আলিগড় অ্যাকাডেমির হস্টেলের জন্য অর্থ দিলেন নাইটদের নায়ক