
শেষ আপডেট: 23 September 2023 17:35
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান (Mohun Bagan) দলটিকে দারুণভাবে সাজিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো। তিনি এতটাই আত্মবিশ্বাসী থাকেন যে খেলা শেষে মিনিট ২০ আগেই তুলে নিতে পারেন দলের বড় তারকাদের। জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোসদের তুলে নামান হুগো বুমোস ও সাদিকুকে। তার আগে অবশ্য দলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। মোহনবাগান (Mohun Bagan) ৩-১ গোলে হারাল এবারের আই লিগ সেরা পাঞ্জাব এফসিকে (Punjab FC)।
আইএসএলের (ISL 2023) প্রথম ম্যাচেই মোহনবাগানের হয়ে গোল পেলেন কামিন্স, দিমিত্রি ও জাতীয় দলে থাকা তারকা মনবীর সিং। তিনটি গোলই অপূর্ব। যুবভারতীতে সাড়ে দশটার পরে খেলা শেষে সমর্থকরা কী করে বাড়ি ফিরবেন, সেটি অবশ্যই চিন্তার কারণ। তারপরেও দলের খেলা দেখে আনন্দ করতেই করতেই ফিরবেন তাঁরা।
অনবদ্য খেলেছে বাগান জার্সিধারীরা। ঘরের মাঠে সারাক্ষণ চাপে রেখে দিয়েছিলেন বিপক্ষ দলকে। মাঠের দুটি প্রান্ত ধরে খেলেছে তারা। যদিও দলের রক্ষণ এখনও জমাট নয়। পাঞ্জাব গোলটি করেছে দ্বিতীয়ার্ধে গ্লেন মার্টিন্সের ভুল ব্যাকপাসের জন্য। বলটি তিনি পাঠাতে চেয়েছিলেন বিশাল কাইথকে, সেটি চলে যায় পাঞ্জাবের অধিনায়ক লুকার কাছে, তা থেকে বল জালে জড়াতে ভুল করেননি।
যুবভারতীতে আইএসএলের প্রথম ম্যাচে প্রথমার্ধে বন্যার জলের মতো আক্রমণে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। তারা পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে বিরতিতে এগিয়ে ছিল ২-০ গোলে। ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু কিছু ভুলের জন্য তা হয়নি।

মোহনবাগানের প্রথম গোল করেছেন জেসন কামিন্স। বিশ্বকাপে খেলে এই তারকার টাচ গোল মন কেড়ে নিয়েছেন রাতে মাঠে যাওয়া যুবভারতীর দর্শকদের। তিন টাচে গোল হয়েছে। আশিস থেকে সাহাল, তারপর কামিন্সের কাছে এলে তিনি বাঁপায়ে শট করেন জালে।
ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত গোল দিমিত্রি পেত্রাতোসের। মাঝমাঠ থেকে কামিন্সের সেন্টার ধরে লিস্টন পাস দেন দিমিত্রিকে, তিনি দুরন্ত শটে বল জালে জড়িয়ে দিয়েছেন। গোলের পরে সেই উল্লাস বিদেশি তারকার।
খেলার ৬২ মিনিটে মাঠে নামেন মনবীর সিং, আর তার ঠিক দু’মিনিট বাদেই ফ্লিকে গোল করেছেন তিনি। বলটি সাহালের থেকে পান দিমিত্রি, সেটি মনবীরকে পাস দিলে তিনি ফ্লিক করে বল জালে রাখেন।
শেষদিকে পাঞ্জাবের একটি গোল বাতিল হয়েছে অফসাইড হওয়ার কারণে। মোহনবাগানের সাদিকুর একটি ফ্রিকিক অল্পের জন্য বাইরে চলে গিয়েছে। আর শেষে একা গোলরক্ষককে পেয়েও কাজে লাগাতে পারেননি।
এদিকে এদিন মোহনবাগানের খেলা ৩৫ মিনিট দেরিতে শুরু হয়েছে। ওড়িশা ও চেন্নাইয়ান ম্যাচে ধূলো ঝড়ের কারণে খেলা আধঘণ্টা বন্ধ থাকে, তাই টিভি সম্প্রচারের কারণে যুবভারতীর খেলা আরও দেরিতে শুরু হয়েছে। যে কারণে সমর্থকদের বাড়ি ফিরতে কালঘাম ছুটবে।
মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ (গোলরক্ষক), আনোয়ার, হামিল, দিমিত্রি পেত্রাতোস (সাদিকু), শুভাশিস (অধিঃ) (মনবীর), লিস্টন, সাহাল, হুগো, গ্লেন, কামিন্স (হুগো) ও আশিস।
পাঞ্জাবের প্রথম একাদশ: কিরণ (গোলরক্ষক), লুংডিম, মেলরয়, নিখিল, সালাহ, প্রধান, তালাল, ব্র্যান্ডন, জুয়ান মেরা, প্রশান্ত ও লুকা (অধিঃ)।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের আচরণে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, কী করলেন তিনি