
শেষ আপডেট: 23 September 2023 16:40
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীতে আইএসএলের (ISL 2023) প্রথম ম্যাচে প্রথমার্ধে বন্যার জলের মতো আক্রমণে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টস। তারা পাঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে বিরতিতে এগিয়ে রয়েছে ২-০ গোলে। ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু কিছু ভুলের জন্য তা হয়নি। তাতে অবশ্য চিন্তার কিছু নেই বাগানের।
মোহনবাগানের প্রথম গোল করেছেন জেসন কামিন্স। বিশ্বকাপে খেলা তারকার টাচে গোল মন কেড়ে নিয়েছেন রাতে মাঠে যাওয়া যুবভারতীর দর্শকদের। তিন টাচে গোল হয়েছে। আশিস থেকে সাহাল, তারপর কামিন্সের কাছে এলে তিনি বাঁপায়ের শটে আসল কাজ সেরেছেন।
ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত গোল দিমিত্রি পেত্রাতোসের। মাঝমাঠ থেকে কামিন্সের সেন্টার ধরে লিস্টন পাস দেন দিমিত্রিকে, তিনি দুরন্ত শটে বল জালে জড়িয়ে দিয়েছেন। গোলের পরে সেই উল্লাস বিদেশি তারকার।
৫ মিনিটের মধ্যেই মোহনবাগানের আক্রমণ ভেস্তে যায় পেত্রাতোস অফসাইড ট্র্যাপে পড়ায়। ১৯ মিনিটে পেত্রাতোসের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য। বক্সের বাইরে থেকে নেওয়া শট পাঞ্জাবের প্রথম পোস্ট এড়িয়ে মাঠের বাইরে চলে যায়। কামিন্সের পাস ধরেই শট নিয়েছিলেন অস্ট্রেলীয় তারকা।
এই ম্যাচে বিরতির আগে পর্যন্ত মোহনবাগান পাস খেলেছে ২৭৭টি। মাঝমাঠে অনেক পাস খেলে বিপক্ষকে তছনছ করেছে জুয়ান ফেরান্দোর দল। মোট ৬০ শতাংশ ছিল বলের দখল।
মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ (গোলরক্ষক), আনোয়ার, হামিল, দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস (অধিঃ), লিস্টন, সাহাল, হেক্টর, গ্লেন, কামিন্স ও আশিস।
পাঞ্জাবের প্রথম একাদশ: কিরণ (গোলরক্ষক), লুংডিম, মেলরয়, নিখিল, সালাহ, প্রধান, তালাল, ব্র্যান্ডন, জুয়ান মেরা, প্রশান্ত ও লুকা (অধিঃ)।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের আচরণে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, কী করলেন তিনি