
Mohua Moitra
শেষ আপডেট: 4 March 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: বিদেশি মুদ্রা লেনদেনে বেনিয়মের অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তাঁকে এর আগে ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দফতরে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল। কিন্তু সেই তলবে তিনি সাড়া দেননি। এবার আবার তাঁকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চলতি মাসেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
বহিষ্কৃত তৃণমূল সাংসদকে সমন পাঠিয়ে আগামী ১১ মার্চ তলব করেছে ইডি। বিদেশি মুদ্রার লেনদেনের কয়েকটি ঘটনা সামনে আসার পরই মহুয়াকে নিয়ে সন্দেহ বেড়েছে ইডি আধিকারিকদের। সেই প্রেক্ষিতেই তাঁরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এবার এটাই দেখার তলবে সাড়া দেন কিনা মহুয়া মৈত্র। এর আগের তলবে সাড়া না দিয়ে তিনি ৩ সপ্তাহ সময় চেয়েছিলেন।
প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লোকসভায় প্রশ্ন করার জন্য তিনি নাকি শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ বাবদ নগদ ও নানা ধরনের উপহার নিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই ব্যাপারে প্রথম সরব হন। তারপর এই বিষয় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলে সমান তালে। অবশেষে এথিক্স কমিটির সুপারিশের পর সাংসদ পদ চলে যায় মহুয়ার। এই ইস্যুতে এখনও আদালতে মামলা চলছে।
মহুয়ার বিরুদ্ধে ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছিল এথিক্স কমিটি। মহুয়া নিজে জানিয়েছেন, তিনি বিজেপির বিরুদ্ধে আদানি নিয়ে কথা বলেছিলেন বলেই তাঁকে নিশানা করা হয়েছে। তবে তিনি এর শেষ দেখে ছাড়বেন। যত বছর হোক, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে লড়বেন। এরই মধ্যে পরপর দু'বার ইডির সমন পেলেন তিনি।