
শেষ আপডেট: 18 July 2023 15:36
দ্য ওয়াল ব্যুরো: দারুণ ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। তারা লিগে (Kolkata League) তিন ম্যাচে ১৬টি গোল করেছে। মঙ্গলবার নিজেদের মাঠে মহামেডান ৪-০ গোলে হারিয়েছে পাঠচক্রকে (Pathachakra FC)। গোল দিয়েছেন ডেভিড, বিকাশ, ব্যারেটো ও সুজিত সিং।
মহামেডানের এবারের দলে সম্পদ টিমগেম। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে মহামেডান। দলের দুই স্ট্রাইকারের মধ্যে মিজেরামের ডেভিড ও গোয়ার বেনস্টোন ব্যারেটো জ্বলে উঠেছেন। ময়দানে নতুন ব্যারেটোর আগমনে উচ্ছ্বসিত সমর্থকরাও।
একটা সময় মোহনবাগানে ছিলেন যোস রামিরেজ ব্যারেটো। সেইসময় স্লোগানও উঠে গিয়েছিল, শীত-গ্রীষ্ম-বর্ষা, ব্যারেটোই ভরসা। মহামেডানের ব্যারেটোও সমান উজ্জ্বল।
ডেভিড পরপর তিন ম্যাচে গোল করলেও এদিন ম্যাচের ৯০ মিনিটে ফুল ফোটালেন ব্যারেটো। স্কিল আছে, বল কন্ট্রোলও ভাল। ক্লান্তিহীন ভাবে দৌড়তে পারে। উইথ দ্য বল এবং অফ দ্য বলেও সমান পারদর্শী। এদিন গোল করালেন, নিজেও একটি গোল করলেন ব্যারেটো। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ব্যারেটো।
এখনও পযর্ন্ত মহমেডান যে তিনটি ম্যাচ খেলেছে, তার মধ্যে ইউনাইটেড স্পোর্টস সবচেয়ে ভাল দল। সিএফসি এবং পাঠচক্র তুলনায় দুর্বল দল। পরপর তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও শনিবার কঠিন প্রতিপক্ষ ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলবে মহমেডান।
ময়দানের বাকি দুই প্রধানের মতো নয়, মহামেডান এবারের লিগে খেলছে পুরো শক্তির দল নামিয়ে। দলের কোচ মেহরাজউদ্দিন কিংবা টিডি দীপেন্দু বিশ্বাস ছাড়াও দলের দুই কর্তা বিলাল আমেদ খান এবং ইসতিয়াক আমেদও সমানভাবে দলের বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করছেন।
ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ সম্মান সৌরভকে! জীবনকৃতি পাচ্ছেন তরুণ বসু