
শেষ আপডেট: 23 September 2023 14:41
দ্য ওয়াল ব্যুরো: চলতি ভারত ও অস্ট্রেলিয়া (India Vs Australia) ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। মোহালিতে যে পিচে তিনি বোলিং করেছেন, সেটি আদৌ পেস সহায়ক ছিল না। কিন্তু সেই পিচে পাঁচ উইকেট নিয়ে আলোচনায় চলে এসেছেন।
সব থেকে বড় বিষয়, বিশ্বকাপের প্রথম দলে শামি না সিরাজ, কোন মহম্মদ খেলবেন, সেই নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। কারণ দুই পেসারই দুরন্ত ছন্দে রয়েছেন। সিরাজ এশিয়া কাপের ফাইনালে আগুনে স্পেল করেছেন।
পাশাপাশি অজিদের বিরুদ্ধে মোহালিতে শামি দেখিয়েছেন কবজির (Wrist) মোচড়ে বাঘা বাঘা ব্যাটারদের কেমন জব্দ করা যায়। শামি এত সুন্দরভাবে কবজিকে ব্যবহার করেন বোলিংয়ের সময়, সেটি বুঝতে না পেরে বিপক্ষ ব্যাটাররা উইকেট তুলে দিয়ে চলে যান।
শামির এই বোলিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের সেরা স্পিনার শাহিন আফ্রিদিও। তিনিও জানিয়েছেন, আমি নেটে শামির কবজির মোচড় দেখেছি, কী সুন্দর করে বলটিকে ছাড়ে, বিপক্ষ ব্যাটার বুঝে ওঠার আগে সেই ডেলিভারিতে কাত হয়ে যায়।
শামি কী করে এমন সুন্দর কবজির মোচড় শিখলেন? সেই নিয়ে শনিবার শামির ছেলেবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন জানিয়েছেন, কঠোর পরিশ্রম করে এটা শিখেছে শামি। অনেকসময় আমার থেকে পুরনো একটা বল চেয়ে নিয়ে যেত। তারপর বাড়িতে গিয়ে দেওয়ালে বলটি সোজা করে ছাড়ার বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা শিখত। তা থেকেই শামি এত সুন্দরভাবে সেটি ম্যাচে ব্যবহার করতে পারে।
সিরাজের যেমন অস্ত্র আউটসুইং, তেমনি শামির কবজির মোচড়ের সুইং বেশি ধারালো। সেটি নিয়েই আলোচনা হচ্ছে বেশি। বাকি দুটি ম্যাচেও যদি শামি জ্বলে ওঠে, তা হলে সিরাজের দলে সুযোগ নিয়েও বড় প্রশ্নচিহ্ন উঠবে। যদিও রোহিত বলে দিয়েছেন, তাঁদের দলে আট নম্বরে একজন অলরাউন্ডারকে খেলাবেন। সেক্ষেত্রে সিরাজকে খেলিয়ে শামির স্থানে শার্দূলের খেলার সম্ভাবনা বেশি।
মহামেডানের জয়ের হ্যাটট্রিক, ডেভিডের জোড়া গোলে লিগ খেতাবের দৌড়ে ঐতিহ্যবাহী ক্লাব