দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড় জীবনে বহুবার একে অন্যের মুখোমুখি হয়েছেন। দুই দেশের অধিনায়কের দায়িত্ব সামলেছেন। ঘটনাক্রমে দু'জনেই এখন রাজনীতির ময়দানে। এ হেন ভারতের প্রাক্তণ অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন তাঁর এককালের প্রতিপক্ষ অধিনায়ক ইমরান খানের উদ্দেশে বললেন, 'আশা করব খেলোয়াড় জীবনের মতো রাজনৈতিক জীবনেও সাহসী সিদ্ধান্ত নেবেন ইমরান।'
সদ্য সমাপ্ত পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগড়িষ্ঠতা পেয়েছে ইমরান খানের দল 'তেহরিক-ই-ইনসাফ'। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা। নিজের ভাষণে ইমরান বলেছেন, ভারত-পাকিস্তান দুই দেশের আভ্যন্তরীণ সমস্যা সমাধানে ভারত যদি এক পা এগোয়, পাকিস্তান দুই পা এগোবে।
সেই প্রসঙ্গেই আজহার বলেন, খেলোয়াড় জীবনে ইমরানের সুনাম ছিল সাহসী সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। তিনি বলেন, 'খেলার মাঠে ইমরান যে সিদ্ধান্ত নিতেন তা অনেক সাহসী, ইতিবাচক ও তাঁর নিজস্ব চিন্তার হতো। আশা করব রাজনীতির ময়দানেও তিনি একই রকম সিদ্ধান্ত নেবেন।'
তবে এই কাজ করা যে ইমরানের পক্ষে খুব সহজ হবে না, তাও জানান আজহার। তাঁর বক্তব্য, 'পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইমরানকে অনেক কাঠ-খড় পোড়াতে হবে। কারণ ক্রিকেটের ময়দান ও রাজনীতির ময়দান এক নয়। আগে নিজের দেশের সমস্যার সমাধান করে, তারপরেই অন্য বিষয়ে মাথা ঘামাতে পারবেন ইমরান।'
ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারতের প্রাক্তণ অধিনায়কে বক্তব্য, 'যে বিষয়ে দুই দেশের মধ্যে তিক্ততার সমস্যা তা হলো মূলত কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে। তাই আগে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে হবে। তারপরেই দুই দেশের মধ্যে সুষ্ঠভাবে আলোচনা করা সম্ভব হবে। তার আগে নয়।'
নির্বাচনে জেতার পর ইমরানকে এখনও তাঁর শুভেচ্ছা জানানো হয়নি বলে জানান আজহার। একেবারে প্রধানমন্ত্রী হওয়ার পরেই শপথ জানাবেন তাঁকে। তবে একজন ক্রিকেটার হিসেবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো বিরল ঘটনা যে ইমরান ঘটিয়েছেন, সে ব্যাপারে খুশি আজহার।