
শেষ আপডেট: 19 October 2022 12:19
দ্য ওয়াল ব্যুরো: 'বড়লোকের' ছেলে। শুধু বড়লোকই নয়, রীতিমতো ভিভিআইপির সন্তান। তাই বাবা-মায়ের থেকে উপহার হিসেবে পেয়েছিলেন অত্যন্ত দামি একটি গাড়ি (Bentley car)। সেই খুশিতে এমন কাণ্ড করে বসলেন মোহালির (Mohali) যুবক, যে নতুন গাড়ি চড়া তো দূর, ঠাঁই হল গারদে!
পাঞ্জাবের মোহালির বাসিন্দা শুভম রাজপুত। এলাকার সকলেই তাঁকে একডাকে চেনে। কারণ তিনি একজন ভিভিআইপি'র পুত্র। সম্প্রতি বাবা-মায়ের কাছ থেকে একটি অত্যন্ত দামি বিলাসবহুল 'বেন্টলি' গাড়ি উপহার হিসেবে পেয়েছিলেন শুভম। মহামূল্য উপহার পেয়ে উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি শুভম। গাড়ি পাওয়া মাত্রই তার সামনে দাঁড়িয়ে পকেট থেকে পিস্তল বের করে সকলের সামনেই শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন (open fire) শুভম। সেই ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় উপস্থিত কেউ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, লাল কার্পেটের উপর কালো রংয়ের বেন্টলি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন শুভম। হঠাৎই পকেট থেকে একটি পিস্তল বের করে শূন্যে উঁচিয়ে পরপর দু'বার গুলি ছোড়েন তিনি। উপস্থিত জনতাকে আনন্দে চিৎকার করতে এবং হুইসেল দিতে শোনা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই পুলিশের চোখে পড়ে যায়। তারপরেই শুভমকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শুভমের হাতে যে বন্দুকটি ছিল সেটি আদৌ রেজিস্টার্ড কিনা, এবং তাঁর আদৌ বন্দুকের লাইসেন্স রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ধর্ষণের পর খুন করে তরুণীর দেহ স্যুটকেসে ভরল দুষ্কৃতীরা, নৃশংস কাণ্ড গুরুগ্রামে