
শেষ আপডেট: 27 September 2023 11:15
দ্য ওয়াল ব্যুরো: স্ক্রু-ড্রাইভার, লকেট, চাবি, ইয়ারফোন, নাট-বোল্ট, কড়ি, আংটি, কী নেই সেখানে! যেন হরেক জিনিসের মেলা বসেছে। কিন্তু সেই 'মেলা' কোথায় 'বসেছে' জানলে হাঁ হয়ে যাবেন অনেকেই। এক ব্যক্তির পেটের ভিতর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে এইসব 'অদ্ভুতুড়ে' জিনিস বের করেছেন চিকিৎসকরা (man swallowed screw driver)!
পাঞ্জাবের মোগা (Moga) জেলায় ৪০ বছরের এক ব্যক্তির পেট থেকে অস্ত্রোপচার করে চিকিৎসকরা এমন সব জিনিস বের করে এনেছেন, তাতে তাঁরা নিজেরাও হতবাক। জানা গেছে, ওই ব্যক্তি গত ২ বছর ধরেই পেটের যন্ত্রণার (stomach ache) সমস্যায় ভুগছিলেন। প্রথমে তেমন পাত্তা না দিলেও পরে যন্ত্রণা বাড়তে থাকে। এমনকী, জ্বরও আসতে শুরু করে। তখন শেষমেশ চিকিৎসকদের দ্বারস্থ হন ওই ব্যক্তি।
আর দেরি না করে ওই ব্যক্তির অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ৩ ঘণ্টার চেষ্টায় রোগীর পেট থেকে জিনিসগুলি বের করে আনা সম্ভব হয়েছে। আপাতত ওই ব্যক্তি সুস্থই রয়েছেন বলে জানা গেছে।
এই প্রথমবার নয়, আগেও ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীদের পাকস্থলী থেকে এমন অদ্ভুত সব 'অ-খাদ্য' বের করেছেন চিকিৎসকরা। কেউ বা শ'য়ে শ'য়ে কয়েন খেয়েছেন, কারও আবার চামচ, চক পেন্সিল ইত্যাদি খাওয়ার অভ্যেস ছিল। মনোবিদরা জানিয়েছেন, এগুলি এক ধরনের মানসিক বিকার, যাতে আক্রান্ত ব্যক্তিরা এমন নানা ধরনের জিনিস খেয়ে ফেলেন। মোগার ওই যুবকের ক্ষেত্রেও তেমনই কোনও সমস্যা রয়েছে বলে অনুমান চিকিৎসকদের।
হাইকোর্টের কাজে হস্তক্ষেপ! সিবিআইয়ের বিচারককে বদলির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের