
শেষ আপডেট: 9 November 2018 00:50
সাহারানপুরের বাসিন্দা অভিনন্দন পাঠক তার পর থেকেই জগদলপুর, দান্তেওয়াড়া, কোন্দাগাঁও, বস্তার বিভিন্ন এলাকাতে কংগ্রেসের হয়ে প্রচার পর্ব শুরু করে দিয়েছেন৷ আর এই প্রচারেই তিনি মোদীকে নিশানা করে জনগণের ক্ষোভের কথা তুলে ধরেন৷ এমনকী মোদী যে ১৫ লক্ষের প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি৷
এর মধ্যে আজ, শুক্রবারই বিধানসভা ভোটের প্রচারে ছত্তীসগঢ়ে যাওয়ার কথা মোদীর। কিন্তু অভিনন্দন পাঠক তার আগে থেকেই শুরু করে দিয়েছেন প্রচার। মাওবাদী অধ্যুষিত বস্তার-দন্তেওয়াড়ার বাজার, পথের মোড়ে জমে উঠেছে তাঁর সভা। স্থানীয় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে ভাষণ শুরু করছেন ‘মিত্রোঁ’ বলে। তবে মোদীর ঢঙেই বলা পাঠকের প্রতিটি কথাই প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ। বলছেন, ‘‘মিত্রোঁ, আমি এখানে এসেছি সত্যি কথাটা জানাতে। ‘আচ্ছে দিন’ আর আসবে না। ও সব নিয়ে ভুল প্রতিশ্রুতি দিয়েছিলাম। আপনারা দেশের উন্নতি ঘটাতে বরং কংগ্রেসকেই ভোট দিন।’’
২০১৪ সালে গত লোকসভা নির্বাচনের সময়ে অবশ্য ছবিটা উল্টো ছিল। তখ মোদীকে জেতানোর জন্যই প্রচার করেছিলেন পাঠক। তবে এখন তিনি বলছেন, ‘‘মানুষের দুর্দশা দেখে বিজেপির জন্য প্রচার ছেড়েছি। গত মাসেই যোগ দিয়েছি কংগ্রেসে।’’ কংগ্রেসে যোগ দেওয়ার পরই ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন অভিনন্দন পাঠক। মূলত জগদলপুর, দান্তেওয়াড়া, কোন্দাগাঁও এবং বাস্তার এলাকায় প্রচার করছেন পাঠক। প্রচারে নেমে পাঠক সব সময় নিশানা করছেন স্বয়ং মোদীকে। মোদীর বাচনভঙ্গি নকল করে আচ্ছে দিন এবং প্রত্যেক ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে বিঁধছেন তিনি।