জন্মের সাল গুলিয়ে গোরক্ষনাথ-কবীরকে একসঙ্গে বসালেন মোদী
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের কোনও ছাত্র এমন ভুল করলে টিপ্পনি করে বলা যেত, ইতিহাসে পাতিহাঁস!
কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি এমন ভুল করেন, কী বলা যাবে!
এবং দিল্লি থেকে দমদম ফের হইচই, নরেন্দ্র দামোদর দাস মোদী ফের বেমক্কা ভুল
শেষ আপডেট: 30 June 2018 08:46
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের কোনও ছাত্র এমন ভুল করলে টিপ্পনি করে বলা যেত, ইতিহাসে পাতিহাঁস!
কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি এমন ভুল করেন, কী বলা যাবে!
এবং দিল্লি থেকে দমদম ফের হইচই, নরেন্দ্র দামোদর দাস মোদী ফের বেমক্কা ভুল বলেছেন!
সেটা কী?
সন্ত কবীরের ৫০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তরপ্রদেশের মগহরে একটা অনুষ্ঠান ছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন সেখানে। ওই অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গেই প্রধানমন্ত্রী বলেছিলেন, “এই সেই স্থান যেখানে গোরক্ষনাথ, সন্ত কবীর এবং গুরু নানক একসঙ্গে বসে আধ্যাত্মিক আলোচনা করেছিলেন।”
উত্তরপ্রদেশের বারাণসীর কাছে লহরতারায় চতুর্দশ শতকের একেবারে শেষ দিকে জন্মেছিলেন সন্ত কবীর। গোরক্ষনাথের জন্ম হয়েছিল একাদশ শতাব্দীতে। মতান্তরে কোনও কোনও ঐতিহাসিক দাবি করেন, তাঁর জন্ম হয়েছিল দ্বাদশ শতাব্দীতে। কিন্তু তা হলেও দু’জনের বয়সের ফারাক যখন কয়েকশ বছরের তখন এক সঙ্গে গাছের তলায় বসে আধ্যাত্মিক আলোচনা করা কী করে সম্ভব। তুলনায় সন্ত কবীর ও গুরু নানককে তবু সমসাময়িক বলা যেতে পারে।
আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারির কথায়, “প্রধানমন্ত্রী দেশের মুখ পোড়াচ্ছেন। প্রধানমন্ত্রীই যদি লাগাতার ভুল ইতিহাস বলেন, তা হলে ছেলেমেয়েরা কি শিখবে, আর দেশের বাইরের মানুষই বা কী বলবে?”
মোদীর ইতিহাস জ্ঞান নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে।
এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলি-
- গত লোকসভা ভোটে পটনায় বিজেপি-র সভায় গিয়ে মোদী বলেছিলেন, তক্ষশীলা রয়েছে বিহারে। অথচ তক্ষশীলা যে পাকিস্তানে রয়েছে উচ্চ প্রাথমিক শ্রেণিতেই ইতিহাসে তা পড়ানো হয়।
- মোদী বলেছিলেন, পুরু রাজাকে গঙ্গার তীরে হারিয়েছিলেন আলেকজান্ডার। এবং তিনি নাকি পাকিস্তানের দিকের ঝিলম নদীর ওপারেই যাননি।
- সর্দার বল্লভ ভাই পটেল ও জওহরলাল নেহরুর সম্পর্ক নিয়ে মোদীর মন্তব্যও ঝড় তুলেছিল। প্রধানমন্ত্রী বলেছিলেন, সর্দার পটেলের শেষ কৃত্যে উপস্থিত ছিলেন না নেহরু। অথচ ঘটনা হল, শেষ কৃত্যের সময় আগাগোড়া উপস্থিত ছিলেন জওহরলাল নেহরু।
- তাছাড়া একবার জনসভায় বক্তৃতার সময় মোহনদাস করমচাঁদ গান্ধীকে, নরেন্দ্র মোদী বারবার মোহনলাল করমচাঁদ গান্ধী বলে যান।
- এখানেই শেষ নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছিলেন শহীদ ভগত সিংহকে আন্দামানের জেলে রাখা হয়েছিল। কিন্তু ইতিহাস বলছে আন্দামানের কখনওই রাখা হয়নি ভগত সিংহকে।
বিজেপি অবশ্য মোদীর এই ভুল নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। তবে ঘরোয়া আলোচনায় দলের অনেক নেতাই মোদীর ইতিহাস জ্ঞান নিয়ে হাসাহাসি করেছেন। আর কংগ্রেসের নেতারা লাগাতার টিপ্পনি কেটে চলেছেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে। এমনকী কংগ্রেসের এক নেতা কটাক্ষ করে এও বলেন, মোদী সব পারেন। কে বলতে পারে দেশের সব মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করেও একদিন জমা দেবে করে দেবেন উনি।