দ্য ওয়াল ব্যুরো : ফ্ল্যাট কেনাবেচার (Real estate sell) সময় নানা অনিয়ম বন্ধ করতে তৎপর হল সুপ্রিম কোর্ট। অনেক সময় দেখা যায়, বিল্ডার নির্ধারিত সময়ে ক্রেতাকে ফ্ল্যাট দিতে পারেন না। একশ্রেণির অসাধু বিল্ডার নানাভাবে ক্রেতাকে বঞ্চিত করেন। এই অসাধুতা বন্ধ করতে কেন্দ্রীয় সরকার বিল্ডার ও ক্রেতাদের মধ্যে মডেল চুক্তি তৈরি করতে পারে কিনা খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বি ভি নাগারাথানা বলেন, লক্ষ লক্ষ ক্রেতার স্বার্থরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের একটি মডেল চুক্তি তৈরি করা উচিত।
ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে একশ্রেণির বিল্ডারের অসাধুতা নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থের মামলা করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায়। তাঁর যুক্তি, ২০১৬ সালের রিয়েল এস্টেট অ্যান্ড রেগুলেটরি অথরিটি অ্যাক্ট অনুযায়ী বিল্ডার এবং ক্রেতাদের মধ্যে একটি মডেল চুক্তি থাকা দরকার। বিচারপতিদের বেঞ্চ ওই যুক্তির সঙ্গে একমত হয়ে বলে, ক্রেতা সুরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিল্ডাররা তা কোনওভাবেই অবহেলা করতে পারেন না।