
দিলীপ ঘোষের সমর্থনে মিঠুন চক্রবর্তী
শেষ আপডেট: 27 April 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির মতোই গোটা পশ্চিমবঙ্গে এনএসজি কম্যান্ডো ও রোবট দিয়ে তল্লাশি করা উচিত। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে গিয়ে এমনটাই বললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিন সন্দেশখালিতে হানা দেয় সিবিআই। দুপুর গড়াতেই শাহজাহান গড়ে পৌঁছয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কম্যান্ডোরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়ে বিপুল অস্ত্রের হদিশ মেলে। তল্লাশি চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণ বোমা উদ্ধার করেন তদন্তকারীরা। আর শুধু সন্দেশখালি নয়, গোটা পশ্চিমবঙ্গে এনএসজি কম্যান্ডো দিয়ে তল্লাশির দাবি করলেন মিঠুন চক্রবর্তী। পূর্ব বর্ধমানের মেমারির সাতগাছিয়ায় ভোটের প্রচারে যোগ দিয়ে এই মন্তব্য করেন মিঠুন। লোকসভা ভোটের মুখে মিঠুনের এই দাবি রাজ্য রাজনীতিতে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে ।
বর্তমানে সন্দেশখালির প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান জেলে রয়েছেন। সিবিআই ও ইডি এখন তাঁর যাবতীয় কর্মকাণ্ডের তদন্ত চালাচ্ছে। কিন্তু সন্দেশখালি নিয়ে উত্তেজনা একই রকম জারি হয়েছে। এমনকী ভোট চলাকালীনও শুক্রবার ফের শিরোনামে উঠে এল সন্দেশখালি। এদিন শাহজাহান ঘনিষ্ট এক তৃণমূল কর্মীর বাড়িতে মজুত থাকা প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের সন্ধান পায় সিবিআই । সেইসব বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য সিবিআই এদিন এনএসজি কমাণ্ডো ও বিশেষ প্রযুক্তি সম্পন্ন রোবটকে কাজে লাগায়। আর সন্দেশখালিতে বিপুল অস্ত্রভান্ডারের হদিশ নিয়ে সরব হয়েছেন মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
প্রচারে বেরিয়ে মিঠুন বলেন, “এটা কি কোন নতুন ব্যাপার ? যত ধরণের নোংরা কাজ তো ওখান থেকেই হতো। রোবট দিয়ে সার্চ করতেই হবে। তাছাড়া আর কোন উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গাতে এভাবেই সার্চ করা উচিত।"
একইভাবে সন্দেশখালি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন দিলীপ ঘোষও। তিনি বলেন, "শেখ শাহজাহান সিপিএম আমলে পিস্তুল নিয়ে ঘুরতো। আর এখন একে ৪৭ নিয়ে ঘোরে। ওকে ঠেঙালে সব বের হবে। ওইসব অস্ত্রশস্ত্র আগে উদ্ধার করতেই হবে, না হলে ভোটে অনেক জীবনহানি হবে । অস্ত্র উদ্ধার না হলে আবার আর একটা শাহাজাহান তৈরি হবে।"
বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে পূর্ব বর্ধমানের মেমারির ২ নম্বর ব্লকের সাতগাছিয়া রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সাতগাছিয়ার জীবন ঠাকুর মোড় সংলগ্ন এলাকা থেকে সাতগাছিয়া বাজার পর্যন্ত রোড শো হয়।