
শেষ আপডেট: 8 September 2023 11:12
দ্য ওয়াল ব্যরো: ছয় মাস আগে কর্নাটকে বিধানসভা ভোটে সরকার হাতছাড়া হয়েছে বিজেপির। লোকসভা নির্বাচনে সেই কর্নাটক থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে তারা (Mission 24 of BJP in Karnataka)। দক্ষিণের ওই রাজ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জনতা দল সেকুলারের হাত ধরল পদ্ম শিবির। আগামী লোকসভা নির্বাচনে ওই রাজ্যে জোট করে লড়াই করবে বিজেপি-জেডিএস। রাজ্যের ২৮টি লোকসভা আসনের মধ্যে চারটি জেডিএসকে ছেড়ে দিচ্ছে বিজেপি।
বিজেপির প্রবীণ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পা শুক্রবার দলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ইয়েদুরাপ্পা দলের গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিরও সদস্য। ছয় মাস আগে বিধানসভা ভোটে জেডিএস এবং বিজেপি পরস্পরের বিরুদ্ধে লড়াই করে। যদিও দুই দলের মধ্যে অলিখিত বোঝাপড়াও ছিল ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে। জেডিএস-কে ‘কিং-মেকার’ মনে করা হচ্ছিল। কিন্তু কংগ্রেসের কাছে টিকতে পারেনি কোনও দলই। খুবই খারাপ ফল হয় জেডিএসের। কংগ্রেসের বিশাল জয়ের আসল কারণ ছিল আঞ্চলিক দলটির ব্যর্থতা।
কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের অঙ্ক ভিন্ন। এমনকী দিন কয়েক আগে স্বয়ং দেবগৌড়া ঘোষণা করেছিলেন জেডিএস লোকসভা ভোটে একাই লড়াই করবে। রাজনৈতিক মহলের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে মত বদল করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মোদীর প্রতি বিশেষ সমর্থন রয়েছে দেবগৌড়ার। একাধিক ইস্যুতে বর্তমান প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রাক্তনী।
বিজেপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্য ছিল দক্ষিণে একটি আঞ্চলিক দলকে পাশে পাওয়া। দেশের বেশিরভাগ প্রভাবশালী আঞ্চলিক দলই বর্তমানে ইন্ডিয়া জোটের পাশে আছে। সেখানে এনডিএ-তে বিজেপির পর বৃহত্তম আঞ্চলিক দল হল মহারাষ্ট্রে শিবসেনার একনাথ শিণ্ডে গোষ্ঠী।
তামিলনাড়ুতে বিজেপির সহযোগী দল এআইএডিএমকে দলীয় কোন্দলে শত বিভক্ত। জয়ললিতা মারা যাওয়ার পর থেকেই ওই দলে গোলমাল চলছে। শাসক দল ডিএমকের মোকাবিলায় এআইএডিএমকে মোটেই শক্ত প্রতিপক্ষ নয়। কেরলে বিজেপি কোনও আঞ্চলিক দলকে পাশে পায়নি। ফলে ওই রাজ্যে কিছুতেই প্রভাব তৈরি করতে পারছে না দল।
অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেও একই পরিস্থিতি। কোনও শক্তিশালী আঞ্চলিক দল বিজেপির পাশে নেই। এই অবস্থায় দক্ষিণে তারা একটি আঞ্চলিক দলকে পাশে চাইছিল। দেবগৌড়ার দলের সঙ্গে বোঝাপড়া বিজেপি অন্য রাজ্যেও তুলে ধরতে পারবে। গতবার লোকসভা ভোটে বিজেপি ২৫টি আসন জিতেছিল। যদিও তার এক বছর আগে বিধানসভা ভোটে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস-জেডিএস জোট। এক বছরের মাথায় কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে ক্ষমতায় ফেরে বিজেপি।
আরও পড়ুন: ভোটের ২ মাস পরেও কর্নাটকে বিজেপি কাউকে বিরোধী দলনেতা করছে না কেন?