
শেষ আপডেট: 10 January 2024 21:06
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বন্ধুর বাড়ির নীচ থেকে মিলল কলেজ ছাত্রের দেহ! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুরের হলদিয়ায়।
মৃত ওই ছাত্রের নাম সৌমেন দাস। ২১ বছরের ওই ছাত্রের বাড়ি দেভোগে। একটি আইটিআই কলেজের পড়েন। গান্ধীনগর এলাকায় তাঁর বন্ধুর চারতলা বাড়িতে মঙ্গলবার পিকনিক ছিল। ওই বাড়ির ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন সৌমেন।
পিকনিকে থাকা বন্ধুরা জানিয়েছে, রাত ন'টা নাগাদ সৌমেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির ঘরেগুলিতে সৌমেনকে খুঁজতে থাকেন তাঁরা। সেই সময়ে ছাদ থেকে নীচে তাকাতেই তাঁরা দেখেন, সৌমেন রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে রয়েছেন। তড়িঘড়ি নীচে নেমে আসেন সকলে। সৌমেনকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে সৌমেন ছাদ থেকে পড়ে গেলে এই নিয়ে রহস্য দানা বেঁধে। ইতিমধ্যে ওই পিকনিকে থাকা ৭ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খুন না আত্মহত্যা সেবিষয়ে জানতে তদন্ত শুরু করেছে তাঁরা।
শোকস্তব্ধ হয়ে পড়েছে ছাত্রের পরিবার। তাঁরাও বিষয়টি নিয়ে ধন্দ্বে পড়ে গিয়েছেন। ওই ছাত্রে কাকার দাবি, ঘটনাস্থলে তাঁরা ছিলেন না। তাই কীভাবে এমন ঘটনা ঘটে গেল তা, নিজেরাও বুঝতে পারছেন না।