
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 June 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: কসবা, পাটুলির পর এবার গড়িয়া। শনিবার সকালে গড়িয়া স্টেশনে রাজপুর সোনারপুর ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের অফিসে 'দুষ্কৃতী'রা তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম হয়েছেন তিন তৃণমূল কর্মী। ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্র থানার পুলিশ।
গড়িয়া স্টেশন লাগোয়া ট্যাক্সি স্ট্যান্ডের সামনে রাজপুর সোনারপুর ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের অফিস। অভিযোগ, সেখানেই শনিবার সকালে আচমকা বেশ কয়েকজন ঢুকে বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায়। ভাঙচুর করা হয় পার্টি অফিসের জিনিসপত্র। সেই সময় পার্টি অফিসে উপস্থিত তিন কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয় দৃষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
কাউন্সিলর পিন্টু দেবনাথের দাবি, বেশ কিছুদিন ধরে গড়িয়া স্টেশনের কাছে জলপোল এলাকায় অসাধু কাজকর্ম চলছে। সেখানে প্রতিবাদ করাতেই এই হামলার ঘটনা ঘটেছে। যারা হামলা চালিয়েছেন কয়েকদিন আগে পর্যন্ত তাঁরা পিন্টুবাবুর সঙ্গেই ছিলেন। কিন্তু অপরাধে বাধা দেওয়ায় এই হামলা চালায় তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। ওই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। কে বা কারা হামলা চালাল, তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে গড়িয়া স্টেশনের ব্যস্ত এলাকায় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, গত বুধবার কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে তাঁরই দলীয় কর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনায় ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আহত কাউন্সিলর। এর আগে কসবাতেও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা প্রকাশ্যে আসে। যা নিয়ে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল। তৃণমূলের দুই কাউন্সিলরকে শোকজ করেছে শাসক দল।