
শেষ আপডেট: 9 May 2023 03:58
দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ে নামার প্রতিশ্রুতি দিয়ে রিজেন্ট পার্কে (Regent Park) স্টুডিওতে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, কিশোরীকে স্টুডিওতে ডেকে তার কিছু অশালীন ছবি তোলে ওই যুবক। তারপর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নামে কিশোরীর উপর অত্যাচার চালায় ওই যুবক। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতের নাম শুভজিৎ চৌধুরী। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
কিশোরীর মা পুলিশকে জানিয়েছেন, শুভজিতের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই সে তাঁর মেয়েকে অভিনয়ে সুযোগ করে দেবে বলে প্রলোভন দেখাতে থাকে। কয়েকদিন আগে স্টুডিওতে ফটোশ্যুটের জন্য ডাকা হয় কিশোরীকে। তিনি নিজে মেয়েকে নিয়ে স্টুডিওতে যান। সেদিন সব ঠিকই ছিল, তাই তাঁর সন্দেহ হয়নি।
এরপরেও একাধিকবার শুভজিৎ কিশোরীকে স্টুডিওতে ডেকে নিয়ে গিয়েছিল। অভিযোগ, সেখানেই জোর করে মেয়েটির কিছু অশালীন ছবি তোলে শুভজিৎ। পরে সেগুলো নিয়েই ব্ল্যাকমেল করতে শুরু করে কিশোরীকে।
সি-২৯৫ সামরিক বিমান আসছে ভারতে, চিনের মোকাবিলায় শক্তি আরও বাড়বে বায়ুসেনার
পুলিশ জানিয়েছে, গত ৬ মে ওই নাবালিকাকে আবার ফোন করে স্টুডিয়োয় ডাকে অভিযুক্ত। তার পরে ওই অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার নামে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। মুখ বন্ধ রাখার হুমকিও দেয়।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শুভজিতকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আর এক জনের খোঁজ চলছে বলে জানা গেছে।