রাতে মেয়েটি বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। কিছু ক্ষণ পরে জঙ্গল থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় কয়েক জন বাসিন্দা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 16 December 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: মেলা দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়ল ১৩ বছরের এক নাবালিকা (Minor girl, Birbhum)। বীরভূমের মল্লারপুর থানার এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ছ’জন যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার তাঁদের রামপুরহাট মহকুমা আদালতে হাজির করানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে আত্মীয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল ওই নাবালিকা। ফেরার পথে তার পথ আটকে দাঁড়ায় কয়েক জন যুবক। কিছু বোঝার আগেই মেয়েটিকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই গণধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তেরা।
রাতে মেয়েটি বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। কিছু ক্ষণ পরে জঙ্গল থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় কয়েক জন বাসিন্দা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই রাতভর জঙ্গলে তল্লাশি চালায় পুলিশ। অভিযান চলাকালীনই ছ’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত ছ’জনই স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় আরও কেউ যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতা নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
নির্যাতিতার বাবা বলেন, “আমি কিছুই জানতাম না। পুলিশ ডেকে সব জানায়। অভিযোগ দায়ের করেছি। দ্রুত সকল দোষীর কড়া শাস্তি চাই।”
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে জেলার জনজাতি সমাজ। সংশ্লিষ্ট সংগঠনের নেতা রবীন সোরেন বলেন, “এই ধরনের অপরাধ দিন দিন বাড়ছে। আমরা সকল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে অপরাধীদের শাস্তি দেওয়া হোক।”
এ দিন দুপুরে ধৃতদের আদালতে হাজির করানোর সময় উত্তেজনা ছড়ায়। পুলিশ গাড়ি থেকে নামিয়ে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়ার সময় জনজাতি সংগঠনের কয়েক জন সদস্য তাঁদের মারধর করেন বলে অভিযোগ। আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।