
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 November 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো: টাকা দিতে হবে। নাহলে অশ্লীল ছবি পোস্ট হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়! নাবালিকা এমন হুমকি পেয়ে আত্মহত্যা করল। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের কাঁটাগড়িয়া এলাকায়।
নাবালিকার পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন আগে থেকে ফোন করে কেউ তাঁদের মেয়েকে বিরক্ত করছিল। এরপর বৃহস্পতিবার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে এলাকারই এক যুবকের সঙ্গে এডিট করা মেয়ের একটি ছবি আসে। যুবকের দাবি ছিল, ৫ লক্ষ টাকা দিতে হবে। নাহলে এই ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল করে দেবে সে।
পুলিশ জানিয়েছে, এই মেসেজ পাওয়ার পর ওই যুবকের বাড়িতে যান নাবালিকার বাবা। কিন্তু তাঁর কোনও অভিযোগ না শুনেই তাঁকে মারধর করা হয়! বাবাকে মারধরের ঘটনার কথা জানতে পারার পরই নাবালিকা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এরপর শুক্রবার সকালে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
জামালপুর থানার পুলিশ শুক্রবার বেলা ১১টা নাগাদ নাবালিকার দেহ উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দুপুরে বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে ময়নাতদন্ত হয় মৃতদেহের। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবক ভিনরাজ্যে সোনার কাজ করে বলে জানা গেছে।