
ফাইল ছবি।
শেষ আপডেট: 2 November 2024 09:25
দ্য ওয়াল ব্যুরো: জোড়া বাগানের প্রৌঢ় খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে এল কলকাতা পুলিশের হাতে! তদন্ত নেমে শুক্রবার রাতে নদিয়া থেকে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত প্রৌঢ়ের সঙ্গে নাবালকের মায়ের কোনও সম্পর্ক থাকতে পারে। সেই সূত্রেই খুনের ঘটনা কিনা, তা জানতে নাবালককে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রের দাবি, ঘরের সিঁড়ি দিয়ে নয়, মই বেয়ে চিলেকোঠার যে ঘরে প্রৌঢ় থাকতেন সেখানে পৌঁছে গিয়েছিল নাবালক। তারপরই মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে।
বৃহস্পতিবার জোড়াবাগান থানা এলাকার সেন লেনের একটি চারতলা বাড়ির চিলেকোঠার ঘর থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (৫৮) নামে এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়, এটি খুনের ঘটনা। পরিবারের তরফেও খুনের অভিযোগ দায়ের করা হয়।
খুনের পর থেকে অভিজিৎবাবুর মোবাইলটি পাওয়া যাচ্ছিল না। সূত্রের খবর, ওই মোবাইল ট্র্যাক করেই নদিয়া থেকে শুক্রবার রাতে নাবালককে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে লুট হওয়া গয়না ও প্রৌঢ়ের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের দাবি, জেরায় নাবালকটি জানিয়েছে, তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিল ওই প্রৌঢ়ের। কী কারণে খুন, তা সম্পর্কে আরও জানতে নাবালককে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা।