
শেষ আপডেট: 2 February 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাস্তার এমনই বেহাল দশা যে বাধ্য হয়ে রাজ্যের মন্ত্রীকেও নিজের গাড়ি ছেড়ে টোটোতে উঠতে হল মাসির বাড়ি যেতে। কিছুটা আবার হেঁটে যেতে হল।
রায়না ১ নম্বর ব্লকের পলাশন গ্রামে রাজ্যের মন্ত্রী জোস্না মাণ্ডির মাসির বাড়ি। সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন মন্ত্রী। কিন্তু রাস্তার বেহাল দশায় রীতিমতো নাকাল হতে হল তাঁকে। গাড়ি ছেড়ে কখনও টোটো করে, কখনও পায়ে হেঁটে মাসির বাড়ি পৌঁছতে হল। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে ঢোকার দু'টো ঢালাই রাস্তারই বেহাল দশা। বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ হয়। প্রতিদিনের যাতায়াতের কষ্ট তো আছেই, গ্রামে কারও শরীর খারাপ হলে হাসপাতালে নিয়ে যেতে কালঘাম ছোটে। কারণ চারচাকা গাড়ি ঢোকে না। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল রাস্তার সারানোর আশ্বাস দিলেও কাজ হয় না।
মন্ত্রী অবশ্য বলেন “আমার বিধানসভা এলাকায় জঙ্গল মহলে এভাবেই টোটো করে ও পায়ে হেঁটে ঘুরতে হয়। এটা নতুন কিছু নয়।” তবে এও বলেন, “কিছুটা রাস্তার কাজ বাকি আছে, আমি খোঁজ নিয়ে দেখব।”
যদিও মাসির বাড়ি পৌঁছতে মন্ত্রীকে গাড়ি ছেড়ে টোটোতে উঠতে হয়েছে শুনে পলাশন গ্রামপঞ্চায়েতের সিপিএম প্রধান মনিকা কোনার লজ্জা প্রকাশ করেন। বলেন, “আগের বোর্ড তৃণমূল ছিল। তারা কেন করেনি জানি না। আমরা এসেছি কয়েক মাস হয়েছে। রাস্তা দুটোর টেন্ডার হয়ে গেছে। বৃষ্টির জন্য আটকে আছে কাজ। বৃষ্টি কমে গেলে কাজ শুরু হবে। আর কোনও অসুবিধে হবে না।”