দ্য ওয়াল ব্যুরো: সহকারী জেলাশাসককে পিষে মারার চেষ্টার অভিযোগ উঠল ছত্তীসগড়ের খনি মাফিয়ার বিরুদ্ধে। রায়গড় জেলার সরণগড় তিমারলাগা খনি এলাকায় মায়াঙ্ক চতুর্বেদী নামের ওই আইএস অফিসারের গাড়ির উপর দিয়ে জেসিবি মেশিন চালিয়ে, তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে রবিবার।
পুলিশ জানিয়েছে, অবৈধ পাথর ও ডলোমাইট খাদানের অভিযোগ বাড়ছিল এলাকায়। তার পরেই সব কিছু খতিয়ে দেখতে নিজেই পথে নামেন ট্রেনি আইএএস অফিসার মায়াঙ্ক চতুর্বেদী। তিনি বর্তমানে রায়গড়ের সহকারী কালেক্টর পদে রয়েছেন। এ দিন মায়াঙ্কের সঙ্গে ছিলেন ডেপুটি ডিরেক্টর মাইনিং এসএস নাগ এবং আরও এক জন মাইনিং ইনস্পেক্টর।
রায়গড়ের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, তিমারলাগায় অবৈধ খনি চিহ্নিত করেন মায়াঙ্ক ও তাঁর দল। তদন্তও শুরু করেন খনি এলাকায়। জানতে পারেন অমৃত প্যাটেল নামের এক স্থানীয় মাফিয়া, তার লোকজন নিয়ে সেখানে অবৈধ খনির কাজ চালাচ্ছিলেন। মায়াঙ্করা সেখানে গিয়ে পৌঁছতেই অমৃত প্যাটেল ও তার দলবল সরকারি অফিসারদের কাজে বাধা দেন বলে অভিযোগ।
এ রকম অবস্থায়, কোনও সুরাহা করতে না পেরে, মায়াঙ্ক-সহ সমস্ত সরকারি অফিসার যখন এলাকা ছাড়তে যাচ্ছেন, অভিযোগ, সেই সময়ে নিজের আরও বড় দলবলকে ডাকে অমৃত। সরকারি সূত্রের দাবি, প্যাটেলের নির্দেশে জেসিবি মেশিনের চালক সহকারী কালেক্টরের গাড়ির দিকে এগিয়ে যায় দ্রুত গতিতে। তবে শেষ মুহূর্তে তাঁর গাড়িটি সরে যেতে পারায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই অফিসার।
এর পরে অমৃত প্যাটেল মায়াঙ্ক চতুর্বেদীকে শারীরিক নিগ্রহও করে বলে অভিযোগ। জখম হন তিনি। এর পরে অভিযুক্ত প্যাটেল ও তার লোকজন পালিয়ে যায়।
বেআইনি খনি এলাকা থেকে দশটি ট্রাক, দুটি জেসিবি মেশিন, চারটি মোটর সাইকেল, ৩০০ টন চুনাপাথর এবং আরও নানা বিস্ফোরক সামগ্রী ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।