.jpeg)
মীনাক্ষী মুখোপাধ্যায়।
শেষ আপডেট: 14 April 2025 23:18
দ্য ওয়াল ব্যুরো: সদ্য শেষ হওয়া পার্টি কংগ্রসে তাঁকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। এবার বামেদের (CPIM) ব্রিগেডের বক্তা তালিকাতেও থাকতে পারে তাঁর নাম। অন্তত, নীচুতলার কর্মীদের মধ্যে থেকে তেমনই দাবি জানিয়ে ফোন আসছে আলিমুদ্দিনের সদর দফতরে। তিনি মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)।
আগামী ২০ এপ্রিল বিগ্রেডে বামেদের সমাবেশ। তাৎপর্যপূর্ণের বিষয় হল, সিপিএমের এ ধরণের বড় মঞ্চে সাধারণত পক্ককেশের নেতারা বক্তব্য রাখেন। এবারেও শুরুতে তার অন্যথা হয়নি। বক্তাদের তালিকায় নাম রয়েছে শুধুই প্রবীণদের। তবে রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে মীনাক্ষীকে নিয়ে যা উন্মাদনা তাতে শেষ মুহূর্তে বক্তা তালিকায় তাঁর নামও অন্তর্ভুক্ত করা হবে কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে দলের অন্দরেই।
এ বিষয়ে রাখঢাক না রেখে দলের কলকাতার এক নেতা বলেন, "মীনাক্ষীর বক্তব্যে একটা আলাদা ঝাঁঝ আছে, যেটা কর্মীদের আকর্ষণ করে। নীচুতলা থেকে অনেকেই খোঁজ নিচ্ছেন, ব্রিগেডে বক্তা তালিকায় মীনাক্ষীর নাম রাখা হয়েছে কিনা। ফলে কর্মীদের আবেগকে গুরুত্ব দেওয়া হতে পারে।"
এ ব্যাপারে অফিসিয়ালি দলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে অনেকের মতে, বক্তা তালিকায় মীনাক্ষীর নাম থাকলেও তাতে অবাক হওয়ার মতো কিছু তাঁরা দেখছেন না। পর্যবেক্ষকদের অনেকের মতে, নেতৃত্বও বুঝতে পারছেন বক্তা তালিকায় শুধু প্রবীণদের রাখলে হবে না, তরুণদেরও রাখতে হবে। তাই সম্ভবত, বক্তা তালিকায় মীনাক্ষীকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। যেমন এবারে কেন্দ্রীয় কমিটিতেও জায়গা হয়েছে তাঁর।
একসময় কেশপুর, গড়বেতা, গোঘাট, আরামবাগ-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ছিল সিপিএমের একচেটিয়া দাপট। বিরোধী তো দূরে থাক, বহু এলাকায় শরিকরাও সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করতেন। ২০১১ সালে পালা বদলর পর থেকে অবশ্য ছবিটা বদলে গিয়েছে। সিপিএম-সহ বামেরা ক্রমশ ক্ষয়িষ্ণু। বিধানসভায় শূন্য। মিটিং, মিছিলে লোক হলেও সেভাবে ভোট বাক্সে তার প্রভাব না পড়ায় বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছেন শীর্ষ নেতারাও।
পর্যবেক্ষকদের অনেকের মতে, সম্ভবত সে কারণেই শুধু পক্ককেশে ভরসা না রেখে তরুণদেরও গুরুত্ব বাড়াচ্ছে বামেদের বড় শরিক। এবারের ব্রিগেডে আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, অতীতে প্রতিটি ব্রিগেডের আয়োজন হয়েছে সিপিএমের তরফে। এবারে অবশ্য সরাসরি সিপিএমের ডাকে ব্রিগেড হচ্ছে না। বরং শ্রমিক ও গণ সংগঠনগুলির উদ্যোগে এই সমাবেশ হতে চলেছে।
বক্তার তালিকায় নাম রয়েছে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে'র। কর্মীদের দাবি মেনে নেতৃত্ব শেষ পর্যন্ত মীনাক্ষীর নামও অন্তর্ভুক্ত করে কিনা, এখন সেটাই দেখার।