
মীনাক্ষী মুখোপাধ্যায়
শেষ আপডেট: 6 April 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য থেকে নতুন করে তৈরি সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে (CPIM Central Committee) জায়গা পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মাদুরাইয়ের পার্টি কংগ্রেসের জন্য গঠিত প্রেসিডিয়ামে জায়গা পেয়েছিলেন তিনি। তখনই মোটামুটি স্পষ্ট হয়ে গেছিল যে, কেন্দ্রীয় কমিটিতে তাঁর নাম থাকবে। শেষমেশ হলও তাই।
মীনাক্ষী ছাড়া আরও চারজন পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। তাঁরা হলেন, গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কননীকা ঘোষ, হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন, দার্জিলিংয়ের জেলা সম্পাদক সমন পাঠক। এদিকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব ও রেখা গোস্বামী। বয়সের কারণেই তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। আগে বাংলার ১৩ জন সদস্য ছিলেন কেন্দ্রীয় কমিটিতে। এবার ৩ জন বাদ পড়ার পর নতুন করে পাঁচজন ঢুকলেন। তাই ৮৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে বাংলার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াল ১৫।
রবিবারই সিপিএমের সাধারণ সম্পাদক পদে সীতারাম ইয়েচুরির উত্তরসূরি কে হবেন, তা ঘোষণা করেছে সিপিএম। কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এম এ বেবি এই পদে এসেছেন। মাদুরাই পার্টি কংগ্রেস যাকে পদে এনেছে তাঁর পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি। একসময় তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা ছিলেন। পরবর্তী কালে যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্ব দেওয়া হয় তাঁকে। বেবি কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রীও। তার আগে ১৯৮৬ থেকে ১৯৯৮, ১২ বছর কেরল থেকেই রাজ্যসভার সদস্য ছিলেন তিনি।
গত কয়েক দশক ধরেই সিপিএমের ভরকেন্দ্র দক্ষিণ দিকে ঝুঁকে। অতীতে কেরল এবং অন্ধ্রপ্রদেশ থেকে দলীয় শীর্ষ পদের জন্য নাম বাছা হয়েছে। সাম্প্রতিক সময়ে যে দু'জন পরপর এই পদে ছিলেন প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি, দুজনেই দক্ষিণী। এবারও সেখান থেকেই নাম বেছে নেওয়া হয়েছে। অনেকে মনে করছেন, ব্রাত্য থেকে গেলেন সেলিম। তবে সূত্রের খবর, রাজ্য ছেড়ে দিল্লি যেতে হবে বলে এই পদের জন্য খুব একটা আগ্রহ দেখাননি সেলিম। পাশাপাশি বয়সের কারণে বাকিদের পাল্লাও ততটা ভারী হয়নি।