
শেষ আপডেট: 7 January 2024 00:48
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালে ডিওয়াইএফআই এর ডাকে শেষবার ভরেছিল ব্রিগেড। ১৬ বছর পর ফের ব্রিগেড চলোর ডাক দিয়েছে ডিওয়াইএফআই। আগামীকালের ইভেন্টে মূল বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষ। ইতিমধ্যেই কলকাতার দিকে যাত্রা শুরু করে দিয়েছে লাল পতাকার মিছিল। রাত পোহালেই সেই ব্রিগেডেরই মুখ হয়ে উঠবেন ‘ডাকাবুকো’ মীনাক্ষী। তার আগে শনিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গেলেন মীনাক্ষী। যুব সংগঠনের প্রথম বিগ্রেড সমাবেশের আগে 'বড় আশ্বাস' দিলেন দলের বরিষ্ঠ কমরেড।
ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শেষ। এবার নবীনদেরই আশীর্বাদ করেছেন প্রবীণরা। শারীরিক অসুস্থতার কারণে সমাবেশে থাকতে পারবেন না বুদ্ধবাবু। তাই তাঁর আশীর্বাদ নিতে রাতেই ছুটে গেলেন মীনাক্ষী।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষীর সঙ্গে এদিন ছিলেন রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্তরা। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে মীনাক্ষী বলেন, “ বুদ্ধবাবু বলেছেন আগামীকাল ভাল ব্রিগেড হবে। বড় ব্রিগেড হবে। আশ্বাস দিয়েছেন উনি।” যুব সংগঠনের উদ্যোগে সফল বিগ্রেড সমাবেশের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বুদ্ধবাবু।
প্রসঙ্গত, ২০১৯ সালে শেষবার ব্রিগেড সমাবেশে হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মাত্র ১৫ মিনিট সমাবেশে ছিলেন। তারপর থেকে অসুস্থতার কারণে আর ব্রিগেডে যেতে পারেননি। শেষ ২০২১ সালের সমাবেশে একটি অডিয়ো বার্তা শোনানো হয় তাঁর। এবারেও তাঁর একটি বার্তা শোনানো হবে ব্রিগেডে। প্রবীণ নেতার অডিও বার্তা নিতেই এদিন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছিলেন মীনাক্ষী। তিনি বলেছেন, বুদ্ধবাবুর বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কর্মী, সমর্থকরা।