
শেষ আপডেট: 18 December 2023 16:25
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ব্যবসার আড়ালে বাংলায় বসে পাকিস্তানের জঙ্গির সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর পেয়ে মুম্বই-এর অ্যান্টি টেরোরিজম স্কোয়াড গ্রেফথার করেছে অভিযুক্তকে।
মুম্বই পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম মুক্তা মাহাত। কালিয়াগঞ্জের বাঘন সংলগ্ন কাঁকড়া মোড় এলাকার বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে জঙ্গি সংগঠনে তথ্য পাচার এবং কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগও উঠেছে।
ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহী আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে এটিএস। মুম্বই-এর অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের দাবি, পাকিস্তান,প্যালেস্তাইন, ইরান সহ একাধিক দেশে ভারতীয় নৌবাহিনী ও দেশের অভ্যন্তরীণ তথ্য পাচার করত অভিযুক্ত। অনলাইন ব্যবসার আড়ালে অভিযুক্ত তথ্য পাচার এবং আর্থিক লেনদেন করত বলে অভিযোগ।
কীভাবে অভিযুক্তের নাগাল পেল মুম্বই পুলিশ? এটিএস সূত্রে জানা গেছে, সম্প্রতি এক জঙ্গিকে গ্রেফতার করেন তদন্তকারীরা। টানা জেরার মুখে সে মুক্তার নাম জানায়। এরপরই তদন্তে নেমে মুক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুঁ মেরে তদন্তকারীরা জানতে পারেন, তার অ্যাকাউন্ট থেকে পাকিস্তানে কোটি কোটি টাকা লেনদেন করা হচ্ছে। সেই সূত্রেই রবিবার রাতে ধৃতকে পাকড়াও করে পুলিশ।
ইতিমধ্যে ধৃতকে রায়গঞ্জের সিজেএম আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। কীভাবে ভারতীয় নৌসেনা সহ একাধিক ডকের গোপনীয় তথ্য অভিযুক্তের কাছে আসত, চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।