
শেষ আপডেট: 21 August 2023 14:07
দ্য ওয়াল ব্যুরো: পেটের দায়ে ভিন রাজ্যে কাজে যাওয়ার দিন শেষ। পরিযায়ী শ্রমিকেরা (Migrant Workers) চাইলে নিজের ঘরে থেকেই ব্যবসা করে স্বনির্ভরশীল হতে পারেন। এজন্য সরকার ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করে দেবে। সোমবার নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেমদের সম্মেলন থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকা ঋণের ব্যবস্থা করে দেবে সরকার। আপনারা ব্যবসা করুন। বাংলার মানুষকে যাতে বাইরের রাজ্যে কাজে যেতে না হয়, সেটা আমি দেখব।” শুধু পরিযাযী শ্রমিকেরা নন, ইমাম, মোয়াজ্জেমরা স্বনির্ভরশীল হতে চাইলে তাঁদেরও সরকার ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকা ঋণের ব্যবস্থা করে দেবে বলে জানান তিনি।
সম্প্রতি মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু হয় এরাজ্যের এক পরিযায়ী শ্রমিকের (Migrant Workers) । সরকারের উদ্যোগে মুম্বই থেকে তাঁর দেহ আনার পাশাপাশি পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণও দিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, তাদের জন্য একটা কমিটি গড়া হয়েছে। রাজ্যের কোথায় কত পরিযায়ী শ্রমিক রয়েছে, তার তথ্য সংগ্রহ করছে এই কমিটি।
এরপরই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রশ্ন, “আপনি কেন নিজের বাড়ি ছেড়ে বাইরের রাজ্যে কাজে যাবেন? ব্যবসা করার জন্য আমরা ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করে দেব। বাড়ি না থাকলে বাড়িও করে দেব। ঘরে থেকে বিনা পয়সায় চাল, স্বাস্থ্যসাথী, শিক্ষাসাথী, বাড়ির মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার সরকারের সব ধরনের প্রকল্পের সুবিধা রয়েছে। তারপরও বাইরের রাজ্যে কাজে যাওয়ার প্রবণতা কিসের?” খানিক থেমে অভিভাবকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “বাইরে যাওয়ার প্রবণতা ছাড়ুন।”
কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মমতার কথায়, “আমাদের রাজ্যের একটি মেয়ে আমেরিকায় কাজ করে। ৩ লাখ টাকা বেতন পায়। আমি জিজ্ঞেস করেছিলাম, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, খাওয়া খরচ বাদে হাতে কত টাকা থাকে। ও বলল, ৫০ হাজার। আমি ওকে বলেছি, দেশে ফিরে এসো। বিনা পয়সার চাল, সরকারি প্রকল্পের সুবিধে, বাড়ির রান্না এসব ছেড়ে কেন বাইরে পড়ে থাকবে।”
হলদিয়া, ডানকুনি, রঘুনাথপুরে একের পর এক কারখানা গড়ে উঠছে। সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। অন্যদিকে এশিয়ার বৃহৎতম কয়লাখনি এলাকা হিসেবে গড়ে উঠছে দেউচা পাঁচামিতে। সেখানেও লক্ষাধিক মানুষের কর্ম সংস্থান হবে বলে এদিনের মঞ্চে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: টাকা ছড়িয়ে বাংলার সংখ্যালঘুদের মধ্যেই দাঙ্গা বাঁধাতে চাইছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার