
শেষ আপডেট: 7 November 2023 00:13
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: প্রধান সড়কের পাশেই রয়েছে মেঠো রাস্তা। সেখান দিয়েই যাচ্ছিল একটি গরুর গাড়ি। আচমকাই মেঠো রাস্তা ছেড়ে গরুর গাড়ি উঠে আসে পাকা রাস্তায়। আর তাতেই একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায় দুর্ঘটনাটিতে মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, সোমবার সন্ধে ৬টা নাগাদ সাগরদিঘি থানা এলাকার বহিলা পাড়ায় বাইকের সঙ্গে একটি গরুর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন বাইক চালক এবং তাঁর পিছনে বসে থাকা আরেক যুবক। খবর যায় পুলিশে। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় দুই বাইক আরোহীকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহিলা পাড়ায় প্রধান সড়ক ধরে চলছিল একটি মোটর বাইক। আচমকাই মেঠো রাস্তা থেকে ওই পথে চলে আসে একটি গরুর গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সরাসরি ওই গরুর গাড়িতে ধাক্কা মারে। তার জেরে অকালে প্রাণ গেল দুই যুবকের।
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় প্রায়ই দ্রুত গতিতে বাইক চলাচল করে। এদিনও দুর্ঘটনাগ্রস্ত বাইকটি দ্রুত গতিতেই আসছিল। হঠাৎ মাঠের রাস্তা থেকে গরুর গাড়িটি পাকা রাস্তায় চলে আসায় বাইক চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। দুর্ঘটনাটিতে শোকস্তব্ধ হয়ে গিয়েছে এলাকাবাসী।