
আক্রান্ত তৃণমূল নেতা চন্দ্রশেখর দাস-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 21 May 2024 20:19
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বোমাবাজির ঘটনা ঘটল নন্দীগ্রামে। বিজেপি ও তৃণমূল দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ করেছে।
তৃণমূলের অভিযোগ, তাঁদের দলের প্রাক্তন উপপ্রধানের উপর হামলা চালিয়েছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের কালীচরণপুর খড়িপুকুর এলাকায়। রাজ্যের শাসকদলের দাবি, খড়িপুকুর এলাকা থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর দাস। তখনই তাঁর উপরে অতর্কিতে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। অভিযোগ, চন্দ্রশেখরবাবুকে বিজেপির কয়েকজন কর্মী তাঁদের গাড়িতে তুলে নিয়ে ব্যাপক মারধর করে। আক্রান্ত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে পুলিশ নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে।
এদিকে বিজেপির দাবি, গড় চক্রবেড়িয়া অঞ্চলে প্রশাসনের অনুমতি নিয়ে একটি পথসভার আয়োজন করেছিল তারা। সেই সময় তাদের উপর হামলা করে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী। তখন বোমাবাজিও করা হয়।
নন্দীগ্রাম ব্লক তৃণমূল সহ সভাপতি শেখ আলরাজির বক্তব্য, বিজেপি ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত ভাঁওতা দিয়ে চলছে। মিথ্যে প্রতারণা করে চলছে। ওদের দলের লোকেদের কথা কেউ কানে নেয় না। এমন কোনও ঘটনা ঘটেনি। আমাদের কর্মীদের মারধর করা হয়েছে।"
বিজেপি নেতা সন্দীপ কুমার দাসের বক্তব্য, “আমাদের কর্মীরা পতাকা ফেস্টুন লাগাচ্ছিল। তখন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে। গোপাল দাস নামে এক বিজেপি কর্মী ও তাঁর ভাইয়ের বাড়িতেও হামলা হয়। ভাঙচুর করা হয়। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।”