
বিধায়ক সোহম চক্রবর্তী
শেষ আপডেট: 27 December 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর মন্তব্য ঘিরে তেতে উঠল নন্দীগ্রাম। চণ্ডীপুরের একটি সভা থেকে সোহম বলেন, "পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনও পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না, যিনি পাণ্ডিত্য ফলাবেন তাঁকে রাজনৈতিকভাবে অপসারণ করানোর দায়িত্ব আমার।" এভাবেই নাম না করে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিতকে খোঁচা দিলেন চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্ত্তী। বিধায়কের এই মন্তব্যের গোষ্ঠী কোন্দলের উত্তাপ ছড়িয়েছে তৃণমূলের অন্দরে।
সোহম এ কথাও বললেন, "তৃণমূল দলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডিত্য চলবে।" চণ্ডীপুরের সভায় একটি সভা থেকে সোহমের এমন মন্তব্যে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দলের উত্তাপ ছড়িয়েছে। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহম দাবি করেন তিনি কারও নাম ধরে বলেননি। তবে ইঙ্গিতপূর্ণ ভাবে এটাও বললেন, "আমি কোনও প্রোগ্রামে যাই না, নিজের মতো করে প্রোগ্রাম করি।"
সম্প্রতি কণ্টাই সমবায় ব্যাংকের নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন তাদের সংবর্ধনা জানাতে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় ছিলেন না সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিত। সেই সভা মঞ্চ থেকে সোহম এমন উক্তি করায় শুরু হয় রাজনৈতিক জল্পনা। স্নেহাংশুবাবু অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তবে এটুকু জানান, ১৯৯৮ সাল থেকে তিনি দলের সুপ্রিমোদের সঙ্গে দল করে আসছেন। তাই দলের সাফল্য কামনা করছেন।